জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
দেশের বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়লয়ের শিক্ষক ড. জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। বিভিন্ন সংগঠন এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সমাবেশ ও নিন্দা জানিয়েছে। এসময় জাফর ইকবালের উপর হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়।
রোববার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোট। জোটের সাধারণ সম্পাদক অন্তর আলীর সঞ্চালনায় বক্তব্য দেন নাট্যব্যক্তিত্ব অধ্যাপক মলয় ভৌমিক, রাবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজম, দর্শন বিভাগের অধ্যাপক এসএম আবু বকর, নাট্যকলা বিভাগের শিক্ষক সুখন সরকার, জোটের সাবেক সভাপতি আব্দুল মজিদ অন্তর প্রমুখ। এসময় বক্তারা দ্রুত হামলাকারীদের শাস্তির দাবি ও এমন ঘটনা যেন আর না ঘটে সে ব্যাপারে পর্যাপ্ত নিরাপত্তার দাবিও জানান।
দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা জাফর ইকবালের উপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে পুণরায় দলীয় টেন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। রাবি ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু এসময় বক্তব্য দেন।
একই দাবিতে দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন লিনার্ক।
জাফর ইকবালের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান ও সহ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা এ নিন্দা জানান। এছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, রাবি সাংবাদিক সমিতি, বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোটসহ বিভিন্ন সংগঠন এ হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এসময় তারাও দ্রুত এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান।

