ছিনতাইকারীর কবলে পড়ে আহত মিস সিকৃবি!
সিকৃবি প্রতিনিধি:
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কৃষি অনুষদের ছাত্রী মাহমুদা আশরাফী ছিনতাইকারীর কবলে পড়ে আহত হয়েছেন। কৃষ্ণচূড়া আয়োজিত প্রতিভা অন্বেষন প্রতিযোগিতায় তিনি মিস সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ২০১৫ নির্বাচিত হয়েছিলেন। রোববার সন্ধ্যা ছয়টার দিকে সিলেট নগরীর টিবিগেটের রাস্তায় এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।
খোঁজ নিয়ে জানা যায় মাহমুদা তার এক বান্ধবীসহ রিকশায় করে ক্যাম্পাসে ফিরছিলেন। টিবিগেট এলাকায় আসলে মোটরসাইকেল আরোহী এক যুবক আশরাফীর হাতে থাকা ব্যাগটি টেনে ধরে। ছিনতাইকারী খুব দ্রুত তার মোবাইল ট্যাব, টাকা ও জরুরী কাগজপত্রসহ ব্যাগটি ছিনিয়ে নেয়। এক পর্যায়ে আশরাফীকে সজোড়ে ধাক্কা দিয়ে রিকশা থেকে ফেলে দেয়া হয়।
পরে মাহমুদাকে উদ্ধার করে সিকৃবির হেলথ কেয়ার সেন্টারে আনা হয়। এসময় ডা. মাসুম লস্করের তত্ত্বাবধানে তার চিকিৎসা হয়। তার হাঁটুতে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে এবং কপালে সেলাই লাগাতে হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন হেলথ কেয়ারের চিকিৎসক।
এদিকে খবর পেয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মাহমুদা আশরাফীকে হেলথ কেয়ারে দেখতে তখন ছুটে আসেন উপাচার্য প্রফেসর ড. মোঃ গোলাম শাহি আলম, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার, কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘের সভাপতি প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা, সুহাসীনি দাস হলের সহকারী হল প্রভোস্ট পলাশ মন্ডল প্রমুখ।

