৪ দফা দাবিতে ধর্মঘটে বাকৃবির লেকচারার ও সহকারী প্রফেসররা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
৪ দফা দাবিতে ক্লাস, পরীক্ষা বর্জনসহ সকল একাডেমিক কার্যক্রমে ধর্মঘট পালন করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের লেকচারার ও সহকারী প্রফেসররা।
বিশ্ববিদ্যালয়ের লেকচারার-অ্যাসিস্টেন্ট প্রফেসর পরিষদের সভাপতি মো. শফিকুর রহমান শিশির জানান, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের লেকচারার ও সহকারী প্রফেসররা তাদের বিভিন্ন দাবি প্রশাসনের কাছে জানিয়ে আসছিলো। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাদের দাবিগুলো মেনে না নেওয়ায় তারা এ ধর্মঘট পালন করছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।
শিক্ষকদের ৪ দফা দাবিগুলো হলো- লেকচারার ও সহকারী প্রফেসরদের বেতন সংক্রান্ত সমস্যার সমাধান, সহকারী প্রফেসর ও সহকারী রেজিস্ট্রার পদ সমমানে না রাখা, গবেষণা ক্ষেত্রে ভাতা প্রদান এবং কনিষ্ঠ শিক্ষকদের সতন্ত্র আবাসনের ব্যবস্থা করা।
জানা যায়, রবিবার দাবি আদায়ের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের গ্যালারীতে এক জরুরি সভা ডাকেন বিশ্ববিদ্যালয়ের লেকচারার-অ্যাসিস্টেন্ট প্রফেসর পরিষদের নেতারা। সেখানে আন্দোলনরত শিক্ষকদের তিনটি সিদ্ধান্ত গৃহীত হয়।
তাদের সিদ্ধান্তগুলো হলো- দাবি আদায় না হওয়া পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি, শিক্ষকতার বাইরে অতিরিক্ত দায়িত্ব থেকে পদত্যাগ এবং বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিতব্য কোনো কর্মসূচিতে অংশগ্রহণ না করা।
এদিকে শিক্ষকদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সংশ্লিষ্ট বিষয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ ছিলো। এতে বিড়ম্বনার মুখে পড়ছে সাধারণ শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর বলেন, শিক্ষকদের অনেক দাবিই পূরণ করা হয়েছে এবং কিছু কিছু দাবি বিভিন্ন পারিপার্শ্বিক দিক বিবেচনা করে পূরণ করতে হয়। তবে শিক্ষা কার্যক্রম ব্যাহত করে দাবি আদায়ের সিদ্ধান্ত মোটেই যৌক্তিক নয়।

