৩৬তম বিসিএস থেকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে ২৮৪ জনকে সুপারিশ

নিজস্ব প্রতিবেদক:
৩৬তম বিসিএসের ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত না হওয়া প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার প্রথম শ্রেণির পদে সুপারিশের ফলাফল বৃহস্পতিবার (১৫ মার্চ) প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

মেধাক্রম ও কোটা পদ্ধতির ভিত্তিতে প্রথম শ্রেণির শূন্যপদে ২৮৪ জনকে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক।

সুপারিশপ্রাপ্তদের মধ্যে সমাজ সেবা অফিসার পদে ১০২ জন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী (পুর)/উপজেলা সহকারী প্রকৌশলী পদে ২৫ জন, রেল মন্ত্রণালয়ের সহকারী সার্জন পদে ১৮ জনসহ ৪৪টি ক্যাটাগরিতে ২৮৪ জনকে সুপারিশ করা হয়েছে। পিএসসির ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে। নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০ এবং সংশোধিত বিধিমালা-২০১৪ এর বিধান অনুযায়ী তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

পিএসসির চেয়ারম্যান বলেন, বিভিন্ন মন্ত্রণালয় হতে শূন্য পদের চাহিদার প্রেক্ষিতে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে সুপারিশ করা হয়েছে। প্রথম শ্রেণির পদের সুপারিশ শেষ হয়েছে। এখন দ্বিতীয় শ্রেণির পদে সুপারিশ করা হবে।

২০১৭ সালের ১৭ অক্টোবর এই বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে কমিশন। বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য প্রথমবার দুই হাজার ৩২৩ জন ও পরে আরও ২০ জনকে সুপারিশ করা হয়। মোট দুই হাজার ৩৪৩ জন সুপারিশপ্রাপ্ত হন।

পিএসসি জানায়, ৩৬তম বিসিএসে ক্যাডার পদপ্রাপ্ত নন এমন তিন হাজার ৩০৮ জন প্রার্থীর মধ্য হতে প্রায় দুই হাজার ৬৫০ জন প্রার্থী নন-ক্যাডার প্রথম শ্রেণি ও দ্বিতীয় পদের জন্য আবেদন করেন।

বিভিন্ন ক্যাডারে দুই হাজার ১৮০ জনকে নিয়োগ দিতে ২০১৫ সালের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ২০১৭ সালের ৮ জানুয়ারি অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় দুই লাখ ১১ হাজার ৩২৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ওই বছরের ১০ ফেব্রুয়ারি প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করে পিএসসি, যাতে উত্তীর্ণ হন ১৩ হাজার ৮৩০ জন।

  •  
  •  
  •  
  •  

Tags: