অর্গানোগ্রাম বাস্তবায়ন ত্বরান্বিত করতে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজে মানববন্ধন

এস জামান, ঝিনাইদহ:

প্রাণিসম্পদ অধিদপ্তরের বহুল প্রতীক্ষিত অর্গানোগ্রাম বাস্তবায়ন ত্বরান্বিত করতে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজে  (জেজিভিসি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২রা এপ্রিল)  অন্যান্য ভেটেরিনারি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে একাত্ততা প্রকাশ করে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ  (জেজিভিসি)  এর প্রায় দুই শতাধিক শিক্ষার্থী প্রানিসম্পদ অধিদপ্তরের অর্গানোগ্রাম বাস্তবায়নের দাবীতে এ মানববন্ধন কর্মসূচীতে অংশ নেয়।

বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ফেডারেশনের ব্যানারে আয়োজিত মানববন্ধনটি  ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ  (জেজিভিসি) এর প্রধান গেটের সামনে দুপুর ১২ টা ৩০ মিনিটি থেকে দুপুর ১টা ৩০ মিনিটি পর্যন্ত চলে।

উক্ত দাবীর সাথে একাত্ততা প্রকাশ করে মানববন্ধন অনুষ্ঠানে যোগ দেন ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের সুদক্ষ অধ্যক্ষ ও ভেটেরিনারি পেশার জন্য নিবেদিত প্রাণ ডা.মো. আবদুল হাই এবং কলেজের উপাধ্যক্ষ ড. অমলেন্দু ঘোষসহ  ড. হুজ্জত উল্যাহ, কৃষিবিদ সরদার খাইরুল বাসার, ডা. প্রদীপ কুমার হালদার, ডা. আশরাফ আলী, ডা. আবদুল জলিল, কৃষিবিদ শাহিনুর রহমান, ডা.মামুন শাহ, ডা. তারেক মুসা, ডা. শরিফুজ্জামান, ডা.সুলতানা বেগম, ডা.জান্নাতুন নাইম, ও ডা. অমিত কুমারসহ অন্যান্য  শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

মানববন্ধনে কলেজের অধ্যক্ষ ডা.মো. আবদুল হাই  বলেন, সুস্থ-সবল, মেধাবী জাতি গঠনে ও দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে এই সেক্টরে জনবল বৃদ্ধি একটি মূখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু অনেক বছর ধরেই নানা অজুহাতে বন্ধ হয়ে আছে প্রাণিসম্পদ সেক্টরের অর্গানোগ্রাম বাস্তবায়নের কাজ।

স্বাধীনতার পরে অন্যান্য বিভাগে অর্গানোগ্রাম হলেও প্রাণিসম্পদ অধিদপ্তরের অর্গানোগ্রাম হয়নি। তাই সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্যে প্রতিটি বিভাগের মতো প্রাণিসম্পদ সেক্টরে্ও  অর্গানোগ্রাম দ্রুত বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নিকট জোর দাবী জানান।’

উক্ত মানববন্ধনে বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ফেডারেশনর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক লুবান মাহফুজ মিশুকসহ সমিতির সহ-সভাপতি জাহিদ হাসান,  নাজমুল ইসলাম অনিক, সোহাগ তালুকদার, মাহফুজুর রহমান সজীব, সুরাইয়া ইসলাম রুম্পা, ফাহিম হাসান, শারমিন, সালেহ রহমান, নিপা,সজীব,পুজা রানী, নুসরাত জাহান, ইমরান ও সবুজসহ বিভিন্ন বর্ষের সাধারণ শিক্ষার্থীরা ও সংগঠনের অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

এখানে উল্লেখ্য যে, প্রতিটি ভেটেরিনারি সার্জন শ্রম দেয়ার পরেও তারা তাদের মর্যাদা অনুযায়ী অধিকার পাচ্ছে না। প্রাণিসম্পদ সেক্টরে অর্গানোগ্রাম এমন একটি সুপরিচিত শব্দ যা প্রথম বর্ষে ভর্তি হওয়া একজন ছাত্র থেকে চাকুরীর শেষ পর্যায়ে চলে আসা একজন লাইভস্টক ক্যাডারের মুখে মুখে।

উল্লেখ্য অর্গানোগ্রাম ভেটেরিনারিয়ানদের প্রাণের দাবী হলেও আমলাতান্ত্রিক জটিলতায় এটি আটকে রাখা হয়েছে বহুদিন ধরে।

 

 

 

  •  
  •  
  •  
  •