বিলুপ্তপ্রায় উদ্ভিদ সংরক্ষণে বাকৃবিতে হার্বেরিয়াম উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
দেশের দুষ্প্রাপ্য ও বিলুপ্তপ্রায় উদ্ভিদ সংরক্ষণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ধারাবাহিকভাবে সাজানো শুষ্ক উদ্ভিদের নমুনা সংগ্রহশালা হার্বেরিয়াম উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের আয়োজনে বোটানিক্যাল গার্ডেনে দেশের পঞ্চম হার্বেরিয়ামের উদ্বোধন করা হয়। হার্বেরিয়ামে পাহাড়ি অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকার ১৫৭ বিরল প্রজাতির উদ্ভিদের নমুনা রয়েছে।

ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. এ কে এম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান হিসেবে ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর। এছাড়া উপস্থিত ছিলেন বোটানিক্যাল গার্ডেনের সাবেক কিউরেটর প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মো. আতিকুর রহমান খোকন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বোটানিক্যাল গার্ডেনের কিউরেটর প্রফেসর ড. আ.খ.ম. গোলাম সারওয়ার। তিনি বলেন, ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের দুইজন মাস্টার্স শিক্ষার্থী ও একজন পিএইচডি শিক্ষার্থীর সার্বিক সহযোগিতায় আমরা দেশের ৫ম হার্বেরিয়ামের যাত্রা শুরু করতে পেরেছি।

উদ্ভিদ নিয়ে গবেষণার জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের এই হার্বেরিয়াম অনন্য শক্তিশালী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর।

হার্বেরিয়াম উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর

এসময় হার্বেরিয়ামের আধুনিকায়ন ও সম্প্রসারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন উপাচার্য।

হার্বেরিয়ামের পাহাড়ি উদ্ভিদের নমুনা সংগ্রহ করেন পিএইচডি শিক্ষার্থী মো. রিশাদ আবদুল্লাহ শুভ। তিনি বলেন, ‘হার্বেরিয়ামে আমাদের সংগ্রহে ২০০ এর অধিক উদ্ভিদ রয়েছে। এর মধ্যে ১৫৭ প্রজাতি ছাড়াও অজ্ঞাত অনেক প্রজাতি রয়েছে যা এখনো শনাক্ত করা হয়নি। দেশের মধ্যে আমাদের হার্বেরিয়ামটি পঞ্চম।’

প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘দেশ থেকে বিলুপ্তপ্রায় উদ্ভিদ সংরক্ষণে জীবিত উদ্ভিদের পাশাপাশি মৃত উদ্ভিদের সংরক্ষণও গুরুত্বপূর্ণ। বর্তমানে বাকৃবি বোটানিক্যাল গার্ডেনে এক হাজারের বেশি দুষ্প্রাপ্য জীবিত উদ্ভিদ রয়েছে। এগুলোও ধীরে ধীরে হর্বেরিয়ামে সংরক্ষণ করা হলে উদ্ভিদ নিয়ে গবেষণার কাজ আরো অনেক সহজ হবে।’

  •  
  •  
  •  
  •  

Tags: