আন্দোলন ছেড়ে পড়ার টেবিলে যান: সোহাগ
নিজস্ব প্রতিবেদক:
কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারীদের উদ্দেশ্যে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন, কোটা সংস্কার আন্দোলনে সরকার এক মাস সময় নিয়েছে, যারা এখন আন্দোলন করছেন তারা পড়ার টেবিলে যান, ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করেন।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা প্রাঙ্গণে ছাত্রলীগ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবনে ভাঙচুর, লুটপাট, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ অস্থিতিশীল করার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
বিক্ষোভ সমাবেশ থেকে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনে নিহত হওয়ার গুজব তুলে ইমরান এইচ সরকার ফেসবুকে প্রোপাগান্ডা চালিয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে তার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা এবং উপাচার্য বাসভবনে হামলাকারীদের শাস্তির দাবি জানানো হয়।
সোহাগ বলেন, অনেকে প্রোপাগান্ডা চালাচ্ছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা ভিসির বাসভবনে হামলা করেছে তাদের শাস্তিও দিতে হবে।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, আগামী এপ্রিল মাসে প্রধানমন্ত্রী কোটা সংস্কারের আশ্বাস দিয়েছেন। এরপরও যারা আন্দোলন করছে এরা বিশৃঙ্খলাকারী। এদের আন্দোলনে শিক্ষার্থীদের না যাওয়ার আহ্বান জানান তিনি।
বিক্ষোভ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, ছাত্রলীগ দক্ষিণের সভাপতি বায়েজিদ খান, উত্তরের সভাপতি সৈয়দ মিজানুর রহমান প্রমুখ।
কোটা সংস্কারে গত ১৪ ফেব্রুয়ারি থেকে পাঁচ দফা দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।
তাদের দাবিগুলো হলো— কোটা সংস্কার করে ৫৬ থেকে ১০ শতাংশে কমিয়ে আনা, কোটা প্রার্থী না পাওয়া গেলে শূন্যপদগুলোতে মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া, চাকরি নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার না করা, কোটায় কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা না নেয়া এবং চাকরি ক্ষেত্রে সবার জন্য অভিন্ন কাট মার্ক ও বয়সসীমা নির্ধারণ করা।
এ আন্দোলনের অংশ হিসেবে গত রোববার দুপুরে কোটা সংস্কার দাবিতে শাহবাগে জড়ো হয়ে পদযাত্রা কর্মসূচি করে শিক্ষার্থীরা। পরে তাদের অবস্থানে রাত আটটার দিকে পুলিশ চড়াও হলে সংঘর্ষ হয়। এক পর্যায়ে এই সংঘর্ষ পুরো ক্যাম্পাস এলাকায় ছড়িয়ে পড়ে। এতে পুলিশসহ দেড় শতাধিক শিক্ষার্থী আহত হন। অনেককে আটক করে পুলিশ।

