ঢাবিতে ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান বাদল স্মরণ সভা অনুষ্ঠিত
ঢাবি প্রতিনিধি:
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা শহীদ মনিরুজ্জামান বাদলের ২৩তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে। সকাল ৯টায় শামসুন্নাহার হলের সামনে বাদলের স্মৃতি স্তম্ভের পাদদেশে এক আলোচনা সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ।
প্রধান অতিথি হিসেবে ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান বলেন, বাংলাদেশে শহীদ মনিরুজ্জামান বাদলদের জন্ম হয় প্রগতির পতাকাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য।
তিনি ছিলেন অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনিমার্ণের এক অকুতোভয় সৈনিক। আলোচনা সভায় স্মৃতিচারণ করে তিনি বলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে মনিরুজ্জামান বাদল সব সময় সকল ভয় ভীতিকে উপেক্ষা করে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন।
সভায় বক্তারা বলেন, মনিরুজ্জামান বাদল শহীদ হয়েছিলেন এদেশের মানুষের অধিকার নিয়ে আন্দোলন করে অথচ তার পরিবারকে যথাযথ মূল্যায়ন কার হয়নি। বক্তারা শহীদ মনিরুজ্জামান বাদলের পরিবারকে যথাযথভাবে মূল্যায়ন করার বিষয়ে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।
ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর শরীফের পরিচালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য মমতাজ উদ্দিন মেহেদী, বাবু সুজিত রায় নন্দী, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এইচ.এম বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহে আলম, সাবেক সহ-সভাপতি অসিত বরণ বিশ্বাস, সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এড. মোল্লা মো. আবু কাওসার, সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এম.পি, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক সুভাষ সিংহ ও শহীদ মনিরুজ্জামান বাদলের সহধর্মিনী শামীমা আরা বাদল।


