বাকৃবিতে ছাত্রলীগের হল কমিটি ঘোষণা: আনন্দ মিছিল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

ছাত্রলীগের নবগঠিত বিভিন্ন হল কমিটির নেতাকর্মীদের নিয়ে এক আনন্দ মিছিল ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগ।

শুক্রবার বিকাল ৩টার দিকে শাখা ছাত্রলীগের কার্যালয় থেকে মিছিলটি শুরু হয় এবং মিছিল শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসিক ৮ টি হলে ছাত্রলীগের নতুন কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটির কার্যক্রম শুরুর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আজ শ্রদ্ধা নিবেদন করেন কমিটিতে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা নির্মাণে বাংলাদেশ ছাত্রলীগ সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও করে যাবে। এরই ধারাবাহিকতায় দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও তার উন্নয়নের চিত্র মানুষের কাছে তুলে ধরতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্ন হল কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ছাত্রলীগকে সামনের দিকে আরো এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।


শাখা ছাত্রলীগ সভাপতি সবুজ কাজীর নেতৃত্বে আনন্দ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ছাত্রদের আবাসিক বঙ্গবন্ধু শেখ মুজিব হলে গিয়ে শেষ হয়। সেখানে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এরপর একে একে নবগঠিত বিভিন্ন হল কমিটির নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। মিয়া মোহাম্মদ রুবেলের সঞ্চালনায় সমাবেশে বিভিন্ন হল কমিটির নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

  •  
  •  
  •  
  •  

Tags: