শিক্ষার্থী হত্যা ও শিশু ধর্ষণের শাস্তির দাবিতে বাকৃবিতে মানববন্ধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ঢাকায় বাসচাপায় কলেজ শিক্ষার্থী হত্যা ও খাগড়াছড়ির দীঘিনালায় নয় বছরের শিশুকে ধর্ষণের পর নির্মমভাবে খুনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মার্কসবাদী)।

মঙ্গলবার (৩১ জুলাই) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মার্কসবাদী) বাকৃবি শাখার সভাপতি রাফিকুজ্জামান ফরিদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- সংগঠনের সাংগঠনিক সম্পাদক প্রেমানন্দ দাস, চারণ সাংস্কৃতিক কেন্দ্র বাকৃবি শাখার সদস্য সচিব রিয়াদ হাসান শাওন ও বিজ্ঞান চর্চা কেন্দ্র বাকৃবি শাখার সাধারণ সম্পাদক পৃথ্বিরাজ দাশ।

মানববন্ধনের সঞ্চালনা করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মার্কসবাদী) বাকৃবি শাখার সাধারণ সম্পাদক গৌতম কর।

সমাবেশে বক্তারা ঢাকায় বাস চাপায় শিক্ষার্থী হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং এই ঘটনায় নৌ-মন্ত্রীর বক্ত্যবের তীব্র নিন্দা জানান। এছাড়া পাহাড়ে আদিবাসীদের উপর রাষ্ট্রীয় নিপীড়ন বন্ধ এবং আদিবাসী শিশু হত্যার বিচার দাবি করেন।

এ সময় মানববন্ধনে ছাত্রফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  

Tags: