শিক্ষকদের আন্দোলনে বাকৃবির শিক্ষা কার্যক্রমে অচলাবস্থা
বাকৃবি প্রতিনিধি:
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন বৈষম্য, মর্যাদা অবনমন এবং গ্রেড সমস্যা সমাধানের দাবিতে বৃহষ্পতিবারও সকল ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে টানা চতুর্থ দিনের মত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতি।
শিক্ষকদের চলমান আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের শিক্ষা কার্যক্রমে অচল অবস্থার সৃষ্টি হয়েছে। এদিকে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় প্রতিদিনই শিক্ষার্থীরা ক্যাম্পাস ত্যাগ করায় ক্রমশ শিক্ষার্থী শূন্য হয়ে পড়ছে ক্যাম্পাস।
সকাল ১১ টার দিকে প্রশাসনিক ভবন সংলগ্ন করিডোরে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষক সমিতি। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. শহীদুর রহমান খান, অধ্যাপক ড. হারুন-উর-রশীদ, অধ্যাপক ড. বাহানুর রহমান, অধ্যাপক ড. সাইফুল ইসলাম খান, অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপত্বি করেন বকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড.খন্দকার শরীফুল ইসলাম।
প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে শিক্ষকরা বলেন, আমরা যদি বিসিএস পরীক্ষা দেই তবে, বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র, উত্তর পত্র মূল্যায়ন করবে কে? দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
উল্লেখ্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত সোমবার থেকে লাগাতার কর্মবিরতি পালন করছে বাকৃবি শিক্ষক সমিতি।


