কবিগুরুর কাছারীবাড়িতে একদিন
মো. মুস্তাফিজুর রহমান পাপ্পু,পবিপ্রবি:
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত যে কয়েকটি স্থান বাংলাদেশে আছে তাঁর মধ্যে কাছারীবাড়ি অন্যতম। যেটি দেশের উত্তরবঙ্গের জেলা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায়। বিশ্ববিদ্যালয়ের শেষ সেমিস্টারে সপ্তাহ খানেক ইন্টার্নশিপ ছিলো একই উপজেলার বাঘাবাড়িঘাটে অবস্থিত বাংলাদেশ দুগ্ধ উৎপাদন সরবরাহকারী ইউনিয়ন লিমিটেড (মিল্ক ভিটাতে)। কাছেই যেহেতু কবিগুরুর স্মৃতি বিজড়িত স্থান তাই সময়টাকে আর নষ্ট করলাম না।
বন্ধু রিয়াজ আর মহসিন কে নিয়ে রওয়ানা দিলাম কাছারী বাড়ির পথে। আমি থাকতাম দিলরুবা বাসস্ট্যান্ডের একটি বাসাতে যেখান থেকে মাত্র কয়েকমিনিটের দুরুত্ব মাত্র।শনিবার সকালে নাস্তা খেয়েই যাত্রা করলাম। শীতের সময় তাই চারিদিকে প্রচন্ড কুয়াশা ছিলো। বেলা বাড়ার সাথে সাথে অবশ্য কুয়াশা কাটতে শুরু করে। দিলরুবা বাসস্ট্যান্ড থেকে মাত্র ৫ টাকার ভ্যান ভাড়াতে পোঁছে গেলাম কাক্সিক্ষত জায়গায়। একেবারে শাহজাদপুর পৌরসভার সামনে অবস্থিত। আর দেরী না করেই টিকিট কেটেই ঢূকে পড়লাম গেটের ভেতরে। চারিদিকে নানা জাতের ফুলের সৌরভে সুরভিত হয়েছে পুরো কাছারি বাড়ি। একটূ এগোতেই চোখে বাধলো বিশ্বকবির একসময়ের স্মৃতি মাখানো ভবন। দ্বিতল ভবনের নিচতলাতে কবিগুরুর সেই সময়কার নানা ব্যবহৃত জিনিসপত্র সুন্দর করে সাজানো রয়েছে। কবির ব্যবহৃত সোফা সেট, চেয়ার টেবিল, সেই সময় কার গান শোনার যন্ত্র, শ্বেত পাথরের ডাইনিং টেবিল সহ আরো অনেক কিছু।
কবির নিজের হাতে বিভিন্ন চিত্র কর্মও শভা পাচ্ছে দেয়ালে দেয়ালে। জনশ্রুতি আছে এই এলাকায় ইংরেজরা নীল চাষ করতো (একটি নীল কুঠি এখনো আছে), পরে কবির পিতামহ প্রিন্স দ্বারকনাথ ঠাকুর নাম মাত্র মুল্যে মাত্র সাড়ে ১০ আনায় পুরো স¤পতি কিনে নেন। পিতামহের মৃত্যুর পর কবি খাজনা আদায়ের জন্য এই এলাকায় আসলে এই কাছারিবাড়ীতে অবস্থান করতেন। ইতিহাস থেকে জানা যায় কুষ্টিয়ার শিলাইদহে কবি নিয়মিত থাকতেন বলে ওটা কে কুঠিবাড়ি আর এখানে মাঝে মাঝে আসতেন শুধু খাজনা তোলার জন্য তাই এটাকে কাছারি বাড়ি বলে।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রত্নতত্ব অধিদপ্তরের সার্বিক ব্যাবস্থপনায় একটি সুন্দর মিলনায়তন তৈরি করা হয়েছে। এছাড়া সরকার এখানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় তৈরি করার ঘোষণা দিয়েছেন ইতিমধ্যেই।
কিভাবে যাবেন?
ঢাকা থেকে খুব সহজেই শাহজাদপুর উপজেলাতে আসা যায়। ঢাকার গাবতলী/ কল্যাণপুর বাস ডিপো থেকে সিরাজগঞ্জ বা পাবনাতে অনেক বাস আসে যেমন পাবনা এক্সপ্রেস, সরকার ট্রাভেলস, শাহজাদপুর ট্রাভেলস, শ্যামলী।
বাস ভেদে ভাড়া চেয়ার কোচ ৩২০-৩৩০ টাকা, আর এসি বাসে ৪৫০-৫০০ টাকার মধ্যে। সময় লাগবে ৪-৫ ঘন্টা। বাসে করে আসলে দিলরুবা বাসস্ট্যান্ডে নামতে হবে, তারপর মাত্র ৫ টাকার ভ্যান/ রিক্সা ভাড়া লাগবে। এছাড়া কমলাপুর থেকে ট্রেনে প্রথমে শাহজাদপুরে নামতে হবে পরে টেম্পু/সিএনজি যোগে সরাসরি কাছারি বাড়ি যাওয়া যাবে।

