ঝিনাইদহ ভেটেরিনারি কলেজকে যবিপ্রবির অনুষদ করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদ হিসেবে বাস্তবায়ন করার দাবিতে ৩য় দফায় আবারো বিভিন্ন কর্মসূচি শুরু করেছে কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার আন্দোলনরত শিক্ষার্থীরা ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজেকে অতিদ্রুত যবিপ্রবির অনুষদে বাস্তবায়ন করে বিশ্ববিদ্যালয়ের সকল সুযোগ- সুবিধা প্রাপ্তি ও বিশ্বমানের ভেট হওয়ার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। পাশাপাশি শিক্ষার্থীরা তাদের দাবি ও কলেজের বর্তমান সমস্যা সম্বলিত পোষ্টার-ব্যানার প্রদশন করে। মিছিল শেষে বক্তারা বলেন, তারা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের অনুষদ বাস্তবায়নের ঘোষনা না পাওয়া পর্যন্ত এবার তাদের কর্মসূচি থেকে পিছপা হবেন না। তাদের এই দাবির সাথে এলাকাবাসিও একমত পোষণ করেছেন বলে জানা যায়।
এর আগে শিক্ষার্থীরা মাননীয় মন্ত্রী, সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, মাননীয় সংসদ সদস্য, মেয়র, ঝিনাইদহ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেছেন বলে জানা গেছে।
উল্লেখ্য যে, ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্তিকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে ইতোমধ্যে শিক্ষামন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উচ্চ পর্যায়ের একটি কমিটি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে একটি কমিটি কলেজটি পরিদর্শন করেন এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষদ হিসেবে অন্তর্ভুক্তির বিষয়ে একমত পোষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় শিক্ষা মন্ত্রণালয়ের চাহিদাপত্র মোতাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে অনাপত্তি পত্র প্রদানের জন্য অনুরোধ করা হয়। কিন্তু, দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও অনাপত্তি পত্র প্রদান করা হয়নি। বিগত দিনে একই কারনে আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে তাদের দাবি জানিয়ে এসেছে এবং কর্তৃপক্ষর আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা সেই কর্মসূচীগুলো সাময়িক স্থগিত করে।
এদিকে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অর্ন্তভূক্তিকরণ এবং তা দ্রুত বাস্তবায়ন করা এলাকার নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ, বুদ্ধিজীবী, সাংবাদিক, ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীসহ সর্বশ্রেনীর জনগনের জোরালো দাবিতে পরিনত হয়েছে।
এমতাবস্থায় আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষে, পুনরায় বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে বলে জানা যায়।

