বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন ২৩ ফেব্রুয়ারি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সপ্তম সমাবর্তন আগামী ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর।
বেলা ১১টার দিকে আয়োজিত ওই সভায় আরো ছিলেন- ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. এ কে এম জাকির হোসেন, এডিশনাল রেজিস্ট্রার (শিক্ষা) ফারুক আহম্মদ, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. আমিনুর রহমান চৌধুরী প্রমুখ।
সভায় উপাচার্য জানান, আগামী ২৩ ফেব্রুয়ারি বাকৃবির সপ্তম সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তন উপলক্ষে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের আচার্য মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন বলে নিশ্চিত করেছেন উপাচার্য।
সভায় আরো জানানো হয়, সমাবর্তনে স্নাতক (জানুয়ারি-জুন/২০১৩ থেকে জানুয়ারি-জুন/২০১৪) এর ১ হাজার ৯১৯ জন, এম.এস (জানুয়ারি-জুন/২০১৪) এর ২ হাজার ৮৫১ জন এবং পিএইচডি (২০১১ থেকে ২০১৪) এর ৩৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবেন। এছাড়া ৬ষ্ঠ সমাবর্তনের পর থেকে যাদের সনদ দেওয়া হয়নি এমন ৪ হাজার ৮০৮ জন শিক্ষার্থীকে মূল সনদ দেওয়া হবে।
এদিকে, ২০১৫ সালে পাস করা ২০১০-১১ সেশনের শিক্ষার্থীদের জন্য ২০১৭ সালে আরেকটি সমাবর্তনের উদ্যোগ নেওয়া হবে।

