ঝিনাইদহে বিদ্যালয়ের মাঠে চলছে সার্কাস!
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে বিদ্যালয়ের মাঠে চলছে সার্কাস। আর তাই বিদ্যালয়ের কতৃপক্ষ পাঠদানের সময় ২ ঘন্টা কমিয়ে এনেছেন।
একাধিক শিক্ষার্থী জানায়, সকাল ১০ টার বিদ্যালয় শুরুর কথা থাকলেও এক ঘন্টা এগিয়ে ৯ টা শুরু করা হয়েছে। আর বিকাল ৪ টায় ক্লাস শেষ হওয়ার কথা, সেখানে ১ টায় শেষ করা হচ্ছে।
সপ্তম শ্রেণীর ছাত্রী নিলুফার ইয়াসমিন জানায়, শিক্ষকেরা দুপুর ১ টা পর্যন্ত ক্লাস নিচ্ছেন। পূর্বে ৪৫ মিনিট করে ক্লাস হলেও এখন বেশ কয়েকটি ক্লাস ৩০ মিনিট করে নেওয়া হচ্ছে। তাছাড়া শীতের সময় এক ঘন্টা এগিয়ে আনায় শিশু-কিশোররা বিদ্যালয়ে আসতেও হিমসিম খাচ্ছে।
বাজারের একাধিক ব্যবসায়ী জানান, আগামী সপ্তাহ থেকে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। সেখানে উচ্চস্বরে মাইক বাজানোর কারনে পাশ্ববর্তী অনেক শিক্ষার্থীর পড়ালেখার ক্ষতি হচ্ছে। সেই সঙ্গে সার্কাসের নামে চালানো হচ্ছে কথিত পুতুল নাচ। যেখানে নগ্ন নৃত্য চলছে রাতভর। যা এলাকার পরিবেশ নষ্ট করছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইদুজ্জামান রানা এই সার্কাসের আয়োজকদের প্রধান হওয়ায় স্কুল কর্তৃপক্ষ মাঠ ব্যবহারের অনুমতি দিতে বাধ্য হয়েছেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইদুজ্জামান ওরফে রানা দাবি করেন শিক্ষার্থীদের পড়ালেখার কোনো ক্ষতি হচ্ছে না। সময় একটু কমিয়ে আনলেও ঠিকমতো পড়ালেখা করানো হচ্ছে। এ বিষয়ে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আরশাদ আলী জানান, এলাকাবাসি অনেকেই সার্কাসের জন্য মাঠ ব্যবহারের দাবি করেন। যে কারনে তারা স্কুল কর্তৃপক্ষ দিতে বাধ্য হয়েছেন। তবে স্কুল এই জায়গা থেকে কোনো লাভবান হচ্ছে না। তিনি স্বীকার করেন এই সার্কাসের কারনে শিক্ষার্থীদের পাঠদান কিছুটা ব্যহত হচ্ছে।
আর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন জানান, শিক্ষকরা এভাবে পাঠদানের সময় কমিয়ে আনতে পারেন না। তিনি খোজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন।

