চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন রোববার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
আর একদিন পরেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে হতে যাচ্ছে চতুর্থবারের মত সমাবর্তন। সমাবর্তনকে ঘিরে চবি ক্যাম্পাসে বইছে আনন্দ উচ্ছাস। চারদিকে চলছে সাজ সাজ রব। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পয়েন্টে রাত হলেই দেখা যাচ্ছে ঝলমলে আলোর ফোয়ারা। সমাবর্তনও যেন সবাইকে জানান দিচ্ছে ‘আমি আসছি’ বলে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আগামী রোববার বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় খেলার মাঠ প্রাঙ্গনে দুপুর ২.৩০ টা থেকে শুরু হবে সমাবর্তন। এতে সভাপতিত্ব করবেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আব্দুল হামিদ। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে চবির সাবেক উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান উপস্থিত থাকার কথা রয়েছে। সমাবর্তন নিয়ে কর্মকর্তা, কর্মচারিদের কাজও বেড়ে গেছে দ্বিগুন। চবির ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) ফরহাদ হোসেন প্রিয়.কমকে বলেন, ‘সমাবর্তনে সবার কাজ দ্বিগুন বেড়ে গেছে, সমাবর্তন যেন শান্তিপূর্ণ হয় সে আশা করছি।’

এবারের সমাবর্তনে চবি থেকে পাশ করা সাত হাজার ১৯৪ জন সমাবর্তক সমাবর্তনের অংশগ্রহণের জন্য আবেদন করেছেন। তারা শুক্র ও শনিবার এই দুইদিন বিশ্ববিদ্যালয়ের ব্যবসা অনুষদের মিলনায়তন ভবন থেকে গাউন সংগ্রহ করতে পারবেন। এছাড়াও সমাবর্তনের দিন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ৭২ টি বুথ থেকেও গাউন সংগ্রহ করতে পারবেন।এর জন্য অংশগ্রহণকারীদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম পূরণ করে একটি কনভেশনাল কপি নিয়ে আসতে হবে। যেখানে একটি একক কোড থাকবে। এর পর কনভেশনাল কপিটির প্রদত্ত কোডের ভিত্তিতে গাউন সংগ্রহ করতে পারবেন।

এদিকে সমাবর্তনকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। সমাবর্তনের সমাবেশ স্থল কেন্দ্রীয় খেলা মাঠ, সমাজবিজ্ঞান অনুষদের পার্শ্ববতী এলাকা, বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখ সংলগ্ন কাটা পাহাড়, বিজ্ঞান অনুষদ পাশের হিলবটম কলোনীর পাশেসহ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দিন রাত পুলিশ সার্বক্ষনিক নিয়োজিত রয়েছে। তাছাড়া বিশ্ববিদ্যায়ে বহিরাগতদের প্রবেশেও নজরদারি বাড়ানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোঃ আলী আজগর চৌধুরী স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিরাপত্তার স্বার্থে সমাবর্তনের দিন চবি ১নং গেট থেকে অটোরিক্সাসহ বিভিন্ন যান চলাচল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়াও এসময় প্রয়োজন ব্যতীত হলের শিক্ষার্থীদের বাইরে না বেড়ানোর নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, চবির সর্বশেষ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল ২০০৮ সালে।

  •  
  •  
  •  
  •  

Tags: