রাবিতে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আসাদুজ্জামান রিফাত, রাবি সংবাদদাতা:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইন্সটিটিউটের সেমিনার কক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।

বিশেষ অতিথি রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ ও সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ। রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব খায়রুজ্জামান কামাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএমএসএফের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বক সাজিদ মানিক।

উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘গণমাধ্যম যদি না থাকতো, দেশ পরিচালনার ক্ষেত্রে ভয়াবহ এক পরিস্থিতির সৃষ্টি হতো। সাংবাদিকদের নানা সংগ্রামের পথ পাড়ি দিতে হয়। সংগ্রামের পথ আরো সহজ করে পার করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, যে দেশের স্বাধীনতায় মুক্তিযুদ্ধে জন্য মানুষ প্রাণ দিয়েছে, সে দেশে মানুষের মাঝে কোনো বিভাজন থাকবে না, এটাই প্রত্যাশা।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব খাইরুজ্জামান কামাল ও ঢাকার ভাসানটেক সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মোহন। কর্মশালায় রাবিতে কর্মরত ২৫জন সাংবাদিক অংশগ্রহন করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

  •  
  •  
  •  
  •  

Tags: