গোপালপুরে পানিতে ডুবে যুবলীগ সভাপতির মৃত্যু
এ কিউ রাসেল, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুরে পানিতে ডুবে উপজেলা আওয়ামী যুবলীগ প্রস্তুতি কমিটির সদস্য ও হেমনগর ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ২ ফেব্রুয়ারি মঙ্গলবার এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতের মামাতো ভাই মো. আসাদুজ্জামান সোহেল জানান, উপজেলার হেমনগর ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি ও ভোলারপাড়া গ্রামের প্রয়াত নুরুল ইসলামের ছেলে মো. আবদুল লতিফ মন্ডল (৪৭) সকাল ৬টার দিকে বাড়ি হতে বের হয়ে যায়। বেলা গড়িয়ে গেলে আশপাশের লোকজন বাড়ির পাশের একটি ডোবায় তার দেহ ভেসে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে দুপুর দেড়টার দিকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক ডাঃ হারুন অর রশিদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নিহতের পরিবারের দাবি, আবদুল লতিফ রক্তচাপে ভূগছিলেন। বাড়ির পাশের ডোবার কাছ দিয়ে যাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।
সে মা, স্ত্রী ও দুজন কন্যা শিশু রেখে গেছেন। ওইদিন বাদ আসর ভোলারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার লাশ জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

