হাবিপ্রবিতে আন্তঃ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
হাবিপ্রবি প্রতিনিধিঃ
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের আয়োজনে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ২ দিন ব্যাপী আন্তঃ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা (অংশ)-২০১৬ উপলক্ষ্যে গল্পবলা এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার সম্পন্ন হয়েছে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আন্তঃ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা (অংশ) কমিটির আহবায়ক প্রফেসর মো. মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আন্তঃ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা (অংশ) কমিটির সদস্য সচিব প্রফেসর ড. বলরাম রায়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক মো. মমিনুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের পরিচালক টিএমএম নুরুল ইসলাম চৌধুরী, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগি মো. আসাদুজ্জামান জেমী প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. সাইফউদ্দীন দরুদ ও রসায়ন বিভাগের প্রভাষক ফাতিহা ফারহানা।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. রুহুল আমিন প্রতিযোগিদের উদ্দেশ্যে বলেন, উচ্চশিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ডে নিজেদের সম্পৃক্ত রাখবে; যাতে তোমাদের মেধা ও মনন আরও বিকশিত হতে পারে।
উপস্থিত বক্তৃতা ইভেন্টে ১ম হয়েছেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরমেন্স বিভাগের শিক্ষার্থী ইমরান হাসান শিমুল, ২য় হয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সোস্যাল সায়েন্স এন্ড হিউমিনিটিস অনুষদের শিক্ষার্থী সাইফুন নাহার সুুমিত, ৩য় হয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী মো. আসাদুজ্জামান জেমি।
গল্পবলা ইভেন্টে ১ম হয়েছেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ইমরান হাসান শিমুল, ২য় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এমএস এর শিক্ষার্থী সুব্রত কুমার প্রমানিক এবং ৩য় হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যঅলয়ের ইংরেজি বিভাগের তৌহিদা আরব।

