রাবি ইসলামের ইতিহাস বিভাগের হীরক জয়ন্তী ও এ্যালামনাই সম্মেলন ১৯ মার্চ

রাবি সংবাদদাতা:

রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের হীরক জয়ন্তী ও এ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মেলন আগামি ১৯ মার্চ অনুষ্ঠিত হবে। বুধবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বিভাগের সভাপতি অধ্যাপক মো. আজিজুল হক বলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৬০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৯ মার্চ শনিবার হীরক জয়ন্তী ও এ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে অংশগ্রহণ করতে সাধারণ সদস্যদের ১ হাজার ৫০০ টাকা এবং তাদের স্ত্রী -সন্তানদের জন্য ১২০০ ও ৬০০ টাকা, আজীবন সদস্যদের ৬০০০ টাকা, অধ্যয়নরত সহযোগী সদস্যদের ১২০০ টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে (আবাসন ও আপ্যায়নসহ)।

তিনি আরো বলেন, সকল ধরনের সদস্য ফি ১৫ ফেব্রুয়ারির মধ্যে ইসলামের ইতিহাস অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সঞ্চয়ী হিসাব-০২০০০০৫৮০৫০১৮ অগ্রণী ব্যাংক রাবি শাখায় জমা দিয়ে নির্ধারিত ফরম পূরণ করে বিভাগে পৌঁছাতে হবে। এ ফরম সরাসরি বিভাগ বা বিভাগের ওয়েবসাইট www.ru.ac.bd/ihc  থেকে ডাউনলোড করা যাবে।

অনুষ্ঠানের সম্ভাব্য কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ৯টায় বিভাগের সামনে উদ্বোধন ঘোষণা, সাড়ে ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রা, ১০টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে উদ্বোধনী উনুষ্ঠান ও আলোচনাসভা, ১টা ৩০ মিনিটে দুপুরের খাবার, ২টা ৩০ মিনিটে স্মৃতিচারণ, সাড়ে ৪টায় পূণর্মিলনী সাধারণসভা ও কমিটি গঠন, বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত সাড়ে ৮টায় রাতের খাবার।

সংবাদ সম্মেলনে অধ্যাপক ফজলুল হক, অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, অধ্যাপক মুহিবউল্ল্যাহ ছিদ্দিকী, অধ্যাপক সামসুজ্জোহা এছামী, কাজী মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •