আন্দোলন স্থগিতের সময় বাড়ালো বিশ্ববিদ্যালয় শিক্ষকরা
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:
স্থগিত আন্দোলনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। অষ্টম জাতীয় বেতন কাঠামোতে টামইস্কেল পুনর্বহাল ও বেতন বৈষম্য দূরীকরণের দাবিতে আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের চলমান আন্দোলন আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে এক সংবাদ সম্মলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. এ এস এম মাবসুদ কামাল।
তিনি বলেন, ‘আমরা সরকারের বেতন বৈষম্য কমিটির সঙ্গে দুইবার বৈঠক করেছি। তাদের সামনে আমাদের যৌক্তিকতা তুলে ধরেছি। এর ফলে আগামী ৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় মুঞ্জুরি কমিশনের সঙ্গে সচিবদের বৈঠক রয়েছে। আমাদের দাবির বিষয়ে প্রধানমন্ত্রী খুবই আন্তরিক। এ জন্য সচিবদের বৈঠক ১১ তারিখ থেকে এগিয়ে ৭ তারিখে নিয়ে আসা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘এ বৈঠকে যদি আমাদের দাবির বিষয়ে সম্মানজনক কোনো সিদ্ধান্ত না হয় তাহলে ২৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সভায় সিদ্ধান্ত নেয়া হবে আগামী দিনের করনীয়র বিষয়ে।’
প্রসঙ্গত. এর আগে তাদের চলমান আন্দোলন ৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত ছিল।

