হাবিপ্রবিতে আন্ত: বিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা শুরু
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের আয়োজনে শুক্রবার থেকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃ বিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা ২০১৬ শুরু হয়েছে।
সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হল মাঠে খেলার উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন। ৭ ফেব্র“য়ারি প্রতিযোগিতার শেষ দিনে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আন্তঃ বিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা ২০১৬ এর সাংগঠনিক কমিটির সভাপতি মো. আব্দুর রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন । স্বাগত বক্তব্য রাখেন আন্তঃ বিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা ২০১৬ এর সাংগঠনিক কমিটির সদস্য সচিব মো. হাফিজ আল আমিন। ছাত্র প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা নাহিদ আহমেদ নয়ন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মারুফ হাসান সুমন ও মেহেদী কাউসার।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. রুহুল আমিন বলেন, পড়ালেখার পাশাপাশি শরীরচর্চা ও খেলাধুলায় অংশগ্রহণের গুরুত্ব অপরিসীম। সফলতা অর্জনের জন্য প্রচেষ্টার সাথে সুস্থ শরীর ও সুন্দর মনের প্রয়োজন রয়েছে। খেলায় অংশগ্রহণ করার পাশাপাশি দেশ ও জাতিকে বিনির্মাণের জন্য আমাদের মেধা ও মননকে বিকশিত করে পরিবর্তিত বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় উপযোগী করে নিজেদের তৈরি করতে হবে। নিয়মকানুন ও শৃঙ্খলা মেনে খেলায় অংশগ্রহণ করে খেলার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের প্রতি তিনি আহবান জানান।
উদ্বোধনী খেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরুষ দল ২-০ সেটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে জয়ী হয়েছে।
উল্লেখ্য, তিনদিন ব্যাপী এ প্রতিযোগিতায় ১২ টি বিশ্ববিদ্যালয়ের মোট ১৮ টি দল অংশ গ্রহন করছে। এর মধ্যে মেয়েদের ৬ টি দল রয়েছে। অংশগ্রহনকারী বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনাল, জাতীয় বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যশোর বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কবি নজরুল বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়।

