শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও চূর্ড়ান্ত পরীক্ষায় অবতীর্ণ হওয়ার আগে ডোপটেস্ট বাধ্যতামূলক করার সুপারিশ
নিউজ ডেস্কঃ
প্রতিটি উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির আগে এবং চূড়ান্ত পরীক্ষায় অবতীর্ণ হওয়ার আগে ডোপটেস্ট/বিশেষ স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করার সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
আজ বৃহস্পতিবার সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি শামসুল হক টুকুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, হাবিবর রহমান, সামছুল আলম দুদু, ফরিদুল হক খান ও পীর ফজলুর রহমান অংশ নেন।
বৈঠক সূত্র জানা গেছে, দেশব্যাপী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যক্রম আরো গতিশীল ও জোরদার করার লক্ষ্যে বিএসটিআইয়ের আদলে ডোপ টেস্ট/বিশেষ স্বাস্থ্য পরীক্ষা করার জন্য একটি পৃথক প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষ গঠনের সুপারিশ করা হয়। মাদক সংক্রান্ত মামলার আসামিরা যাতে ফাঁকফোঁকড় দিয়ে বের হতে না পারে সে বিষয়ে সচেষ্ট থাকার জন্য মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া হয়। প্রতিটি উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির আগে এবং চূড়ান্ত পরীক্ষায় অবতীর্ণ হওয়ার পূর্বে ডোপটেস্ট/বিশেষ স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করার বিষয়ে সুপারিশ করা হয়।
এছাড়া বৈঠকে ইলেকট্রনিক/প্রিন্ট মিডিয়ায় মাদকের বিরদ্ধে প্রচার/প্রচারণা জোরদার করারও সুপারিশ করা হয়।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন, সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান, দুই বিভাগের অধীনস্থ সংস্থা প্রধানরাসহ সংশ্লিষ্ট অন্য কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থতি ছিলেন।

