রাবি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু
আসাদুজ্জামান রিফাত, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। এ প্রতিযোগিতায় ৭১টি ইভেন্টে দুই শতাধিক খেলোয়াড় অংশ নেয়।
আজ বুধবার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের জুবেরী মাঠে বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।
এসময় অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. আনসার উদ্দীন, শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক চৌধুরী মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপাচার্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতার একটি ইভেন্টের পুরস্কারও প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের অধ্যক্ষ অধ্যাপক মোহা. আলী আহসান।

