রাবিতে বাংলা ভাষার চর্চা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আসাদুজ্জামান রিফাত, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আড়ষ্ট মুক্তি সেখানে অসম্ভব’ এ স্লোগানকে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে বাংলা ভাষার চর্চা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেল ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের ১৫০ নং কক্ষে প্রখ্যাত অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক সনৎ কুমার সাহা এসব কথা বলেন। বাংলাদেশ সম্মিলিত সামাজিক আন্দোলন আয়োজিত ‘বাংলাদেশে বাংলা ভাষার চর্চা’ শীর্ষক সেমিনারে তিনি প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সনৎ কুমার সাহা বলেন, ভাষা নিয়ে আমাদের আন্দোলন, সংগ্রাম এবং মর্যাদাকে একটি জায়গায় স্থির রেখে পেছনে ফিরে তাকালে আর সামনে এগুনো যাবে না। ভাষাকে কীভাবে সমৃদ্ধ করা যায় তার চর্চা করতে হবে।

একুশে পদক পাওয়া এই অধ্যাপক আরও বলেন, আজকে যারা তরুণ তারা মুঠোফোন, ফেসুবক বা অন্যান্য যোগাযোগ মাধ্যমে পাঠানো বার্তা পাঠিয়ে যোগাযোগ করে। সেখানে তারা ভাষার বিকৃতিই বলি আর সুবিধা বলি তারা করে থাকে।

সেমিনারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল খালেকের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক মুহম্মদ নূরুল্লাহ্।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী। সেমিনারে গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুলসহ শতাধিক শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  

Tags: