সিকৃবিতে TEEAL শীর্ষক সেমিনার অনুষ্টিত
সিকৃবি প্রতিনিধিঃ
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের উদ্যোগে কৃষি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ই-রিসোর্সেস সংক্রান্ত জ্ঞান ও দক্ষতা ব্যবহারের মাধ্যমে কৃষির আধুনিকায়ন বিষয়ে দুই দিনব্যাপি আন্তর্জাতিক সেমিনার শুরু হয়েছে। চলবে আগামীকাল সোমবার পর্যন্ত। রোববার সকাল ৯টায় সিকৃবি মিলনায়তনে এ সেমিনারের উদ্বোধনকরা হয়।
আমেরিকান কর্নেল ইউনিভার্সিটির সহযোগিতায় The Essential Electronic Agricultural Library (TEEAL) শীর্ষক সেমিনারটিতে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
সেমিনারের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম। সিকৃবির লাইব্রেরিয়ান সুবীর কুমার পালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মো. শাহাব উদ্দিন, টিল প্রোগ্রাম ফর সাউথ এশিয়ার কো-অর্ডিনেটর চন্দ্রশেখর ভিথাল ও টিল’র সিনিয়র কনসালট্যান্ট নাদিম গাইক ওয়াদ।
প্রধান অতিথির বক্তৃতায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর আলম বলেন, “ই-লাইব্রেরি প্রতিষ্ঠিত হলে বৈশ্বিক জ্ঞান অর্জন আরো সহজ হবে। খাদ্য নিরাপত্তা ও কৃষি উন্নয়নে সারা বিশ্বের সাথে তাল মেলাতে হলে আধুনিক জ্ঞান-বিজ্ঞান এবং প্রযুক্তি অবশ্যই দরকার। সে লক্ষ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে।”
আমন্ত্রিত অতিথিরা কর্মশালা থেকে কৃষি শিক্ষা সমৃদ্ধ ই-রিসোর্সেস ব্যবহার সংক্রান্ত তথ্যাদি জেনে জ্ঞান বিতরণ এবং দক্ষতা উন্নয়নে নিজেদের সমৃদ্ধ করার সুযোগ পাচ্ছেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী গত ২১ জানুয়ারি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনটি উদ্বোধন করেন। আধুনিক মানের গ্রন্থাগার ব্যবহার করতে এই সেমিনারটি গুরুত্বপূর্ণ অবদান রাখলো বলে আশা করা যাচ্ছে।
দুই দিনব্যাপি এ সেমিনার প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলবে।

