অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় রাস্তা, মিশে যায় ডাস্টবিন-ড্রেনের সাথে!
রোহান ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের সামনের রাস্তাটি।
দীর্ঘদিন ধরে এ সমস্যা থাকলেও ভ্রুক্ষেপহীন কর্তৃপক্ষ। রাস্তা তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থীদের। রাস্তার একপাশে ড্রেন আরেক পাশে দুটি ডাস্টবিন রয়েছে। ডাস্টবিনের অবস্থাও ভয়াবহ। ময়লা ডাস্টবিনে নয়, ছড়িয়ে থাকে এর আশেপাশে। তাই অল্প বৃষ্টি হলেই এসব ডাস্টবিনের ময়লা, ড্রেনের পানি ও রাস্তার বৃষ্টির পানি মিলেমিশে একাকার হয়ে যায়।

এর ফলে ঝামেলায় পড়তে হয় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব হল, ফজলুল হক হল ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থীদের। এ তিন হলের অনেক শিক্ষার্থী খাওয়া দাওয়া করার জন্য ফসিলের মোড়ে যান। কিন্তু বর্ষায় সামান্য বৃষ্টিতে রাস্তাটি তলিয়ে গেলে তারা রাস্তাটি ব্যবহার করতে পারেন না। একই অবস্থা জব্বারের মোড় থেকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে আসার রাস্তার ক্ষেত্রেও।
এমন অবস্থায় শিক্ষার্থীরা দ্রুত এ রাস্তাটি মেরামত ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে এ রাস্তাটির বেহাল দশা। সামান্য বৃষ্টি হলে এটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। তাই কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন দ্রুত যেন এ সমস্যার সমাধান করা হয়।

