পবিপ্রবির ‘ঢাকা এসোসিয়েশন’ এর প্রীতিভোজ ও নবীনবরণ অনুষ্ঠিত
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের “ঢাকা বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতি’র” বার্ষিক প্রীতিভোজ ও নবীন বরণ অনুষ্ঠান।
সকাল থেকে নানা আনন্দ উল্লাসের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রথমেই সবার প্রিয় ক্রিকেট খেলায় মেতে উঠে সবাই।পরপর দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। এর পরেই শুরু হয় ড্যান্স পার্টি।
দুপুরে সকল সদস্য রা অনুষদীয় পুকুরে এক ভিন্নধর্মী “সাঁতার প্রতিযোগিতায়” অংশগ্রহণ করেন। দুপুরের নামাজ শেষে আবার সবাই ব্যস্ত হয়ে পড়েন আনন্দ উল্লাসে। প্রীতিভোজ শেষে বরণ করে নেয়া হয় নবীন শিক্ষার্থীদের।
এসময় উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় শিক্ষক ড. মোঃ লালমদ্দিন মোল্লা, সংগঠনের প্রাক্তন সভাপতি শর্বরী বাড়ৈ, বর্তমান সভাপতি নাঈম আক্তার পলাশ, সাধারণ সম্পাদক মোঃ সবুজ খান সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
নবীন বরণ শেষে শুরু হয় মজার খেলা “চেয়ার সেটিং”। এই খেলায় প্রথম স্থান অধিকার করেন আবুল কালাম আজাদ,২য় স্থান মোঃ সবুজ খান এবং ৩য় স্থান দখল করেন অমর্ত্য বাড়ৈ ক্লিন্টন। এর পরপরই শুরু হওয়া মন মাতানো সাংস্কৃতিক অনুষ্ঠানে একে একে সকল সদস্য গান, কবিতা,অভিনয় ও কৌতুক পরিবেশন করেন।বিজয়ীদের মধ্য পুরষ্কার বিতরণ শেষে সবাই বিশ্ববিদ্যালয় বাসে করে ঘুরতে যান স্থানীয় দর্শনীয় স্থানগুলোতে।
এই বিষয়ে সংগঠনটির সভাপতি বলেন, “ভবিষ্যতে সংগঠনের পক্ষ থেকে আরো সুন্দর অনুষ্ঠান আয়োজন করা সম্ভব। তবে সংগঠনের সদস্যদের আন্তরিকতা ও সহযোগীতা আমাকে মুগ্ধ করেছে। আশা করি তারা ভবিষ্যতেও এভাবেই সার্বিক সহযোগীতা করে সংগঠনের উজ্জ্বল ভবিষ্যতের রূপরেখা করে যাবে।”
শুক্রবার সকাল ৮ ঘটিকা থেকে শুরু হওয়া এই সুন্দর অনুষ্ঠান সমাপ্ত হয় সন্ধ্যায়।

