বাকৃবি শিক্ষার্থীরা কবে করোনার টিকা পাচ্ছেন?

bau

নিজস্ব প্রতিবেদকঃ চলতি সপ্তাহের মধ্যেই সিনোফার্মের (চীনের) কোভিড-১৯ ভ্যাকসিন পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আবাসিক শিক্ষার্থীরা।

শনিবার বেলা ১১টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের টিকাদান কেন্দ্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আগামী ২-১ দিনের মধ্যেই শেরেবাংলা মেডিকেল কলেজে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের তালিকা পাঠাবে। পাঠানো তালিকা অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয় বা হলের আইডি কার্ড এবং জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে টিকা গ্রহণ করতে পারবেন।

এদিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে করোনাভাইরাসের ভ্যাকসিনের আওতায় আনার জন্য ইতিমধ্যে তথ্য সংগ্রহ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ২০ মে পর্যন্ত একটি অনলাইন ফর্মের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়।

এরই মধ্যে সরকার দেশের সকল বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর উদ্দেশ্যে ১৯ জুন থেকে শুরু হওয়া ভ্যাকসিন কার্যক্রমে শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়েছে। তবে বাকৃবি শিক্ষার্থীরা কবে নাগাদ ভ্যাকসিনের আওতায় আসবেন এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এখনো কোন সুনির্দিষ্ট নির্দেশনা আসে নি।

এ বিষয়ে সবুজ বাংলাদেশ 24 ডট কমের সাথে আলাপচারিতায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. এ.কে.এম জাকির হোসেন বলেন, ইতিমধ্যে বাকৃবি প্রশাসনের পক্ষ থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা আজ থেকে যে টিকা কার্যক্রম শুরু করেছে তাতে স্বাস্থ্য কর্মী ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে বাকৃবিকে আশ্বস্ত করা হয়েছে যে আগামী সপ্তাহ থেকে বাকৃবি শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় আনার কাজ শুরু করা হবে। এ কার্যক্রম শুরু হলে প্রতিদিন বাকৃবি থেকে দুটি বাস নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীকে নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজে যাবে এবং ভ্যাকসিন দেওয়ার পর তাদের ক্যাম্পাসে ফেরত আনবে।

  •  
  •  
  •  
  •  

Tags: ,