বাকৃবিতে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট-বক্স বিতরণ
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি অনুষদের লেবেল-৩ সেমিস্টার-২ এর ছাত্র-ছাত্রীদের মাঝে সার্জিক্যাল কিট-বক্স বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান। সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের প্রধান ড. রুখসানা আমিন রুনার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মকবুল হোসেন।
শিক্ষার্থীদের মাঝে বিতরণকৃত সার্জিক্যাল কিট-বক্স সঠিকভাবে ব্যবহার করার পরামর্শ দিয়ে প্রফেসর ড. মোঃ রফিকুল আলম বলেন, এই ইন্সট্রুমেন্ট তোমাদের রুটিরুজির হাতিয়ার, সৎ ইনকামের হাতিয়ার এবং দেশসেবার হাতিয়ার। তাই এই ইন্সট্রুমেন্ট ফেলে না রেখে এর উপযুক্ত ব্যবহার করতে হবে।

এ সময় সার্জিক্যাল কিট-বক্স সম্পর্কিত বিভিন্ন তথ্য ও এর ভবিষ্যৎ ব্যবহার নিয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ড. ফরিদা ইয়াসমিন বারী। তিনি ট্রিটমেন্ট এর পাশাপাশি ফলোআপ ট্রিটমেন্ট এরও গুরুত্ব তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে বাকৃবি উপাচার্য ড. লুৎফুল হাসান বলেন, আজকে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের মাঝে যে সার্জিক্যাল কিট-বক্স বিতরণ করা হলো সেই কিট-বক্স দিয়ে তারা গ্রামীণ খামারিদের কল্যাণে কাজ করবে। ভেটেনারিয়ানদের এই সেবা করার মানসিকতা কিন্তু সকল খামারি-কৃষকদের কাছে তাদেরকে আরও বেশি গ্রহণযোগ্য করে তুলেছে। এটিই আমাদের লক্ষ্য। এভাবে সকল কৃষিবিদ তাদের অর্জিত জ্ঞান মানুষের কল্যাণে কাজে লাগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের প্রধান ড. রুখসানা আমিন রুনা বলেন, আগে বিদেশি শিক্ষার্থীদের সার্জিক্যাল কিট-বক্স দেওয়া সম্ভব হতো না কিন্তু এ বছর আমরা বিদেশি শিক্ষার্থীসহ মোট ১৭৬ জন অর্থাৎ সকল শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট-বক্স বিতরণ করা সম্ভব হয়েছে। এজন্য তিনি বাকৃবি উপাচার্য ড. লুৎফুল হাসানকে আন্তরিক ধন্যবাদ জানান।

