বাকৃবিতে সকল পরীক্ষা স্থগিত!
রোহান ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ
মহামারী করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চলমান বিভিন্ন বর্ষের পরীক্ষাসমূহ স্থগিত করা হয়েছে।
শুক্রবার (২৫ জুন) এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি সবুজ বাংলাদেশ 24 ডট কমকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোঃ নূরুল হক।
এর আগে রবিবার (১০ জুন) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অক্টোবর-মার্চ ২০২১ সেমিস্টারের এম.এস কোর্সের ছাত্র-ছাত্রীদের ফাইনাল পরীক্ষা আগামী ১ জুলাই থেকে ১৫ জুলাই এর মধ্যে শেষ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।
কিন্তু দেশের করোনা পরিস্থিতির ক্রমাগত অবনতি, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে আঞ্চলিক লকডাউন এবং সম্ভাব্য ১৪ দিনের শাটডাউনের কথা মাথায় রেখে আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ বিষয়ে ড. মোঃ নূরুল হক জানান, সেশনজট কমাতে বাকৃবি প্রশাসন প্রাথমিকভাবে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলেও করোনা পরিস্থিতির অবনতির কারণে এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আঞ্চলিক লকডাউনের কারণে সেসব এলাকার অনেক শিক্ষার্থী পরীক্ষা দিতে আসতে পারছে না। এমন অনেক অভিযোগ শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে এসেছে। এসব প্রতিবন্ধকতা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তে উপনীত হয়েছে।
কবে নাগাদ পরীক্ষা শুরু হতে পারে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে ঈদুল আজহার পরে যতদ্রুত সম্ভব আমরা পরীক্ষা নিয়ে নেওয়ার চেষ্টা করবো। ততদিন অনলাইনে শিক্ষা কার্যক্রম যথারীতি চালু থাকবে।

