রাবিতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নারী দিবস পালিত
আসাদুজ্জামান রিফাত, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে বিশ্ব নারী দিবস। মঙ্গলবার ক্যাম্পাসে বিভিন্ন সংগঠনের আয়োজিত কর্মসূচি থেকে নারী নির্যাতন বন্ধ ও নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিতের দাবি জানানো হয়।
বিশ্ব নারী দিবসকে সামনে রেখে প্রথম আলো বন্ধুসভা রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা দেশব্যাপী নারী নির্যাতন ও শিশু হত্যার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সমানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে এক প্রতিবাদী র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মমতাজ উদ্দিন কলাভবনের সমানে বন্ধুসভার টেন্টে গিয়ে শেষ হয়।
এদিকে রাজশাহী ইউনিভার্সিটি ড্রামা অ্যাসোসিয়েশন (রুডা) প্রতিবাদী গান ও বক্তব্যের মাধ্যমে এ দিবস পালন করে। কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বেলা পৌনে ১২ টার দিকে তাদের কর্মসূচি পালন করেছে। নারীর অধিকার আদায়ের আন্দোলনকে সম্মান জানাতে এবং ২০৩০ সালের মধ্যে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কর্মসূচি পালন করেছে ইউনাইটেড নেশন্স ইয়ুথ এন্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব) রাজশাহী ডিভিশনাল উইং। ‘প্লানেট ৫০-৫০ বাই ২০৩০ : স্টেপ ইট আপ ফর জেনডার ইকুয়ালিটি’ এই প্রতিপাদ্যকে সামনে সকাল সাড়ে ১০ টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মুখে কালো কাপড় বেধে মানববন্ধন এবং ভিডিও ক্যাম্পিং ও গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করে তারা।
এছাড়া দিবসটি উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সমানে দিনব্যাপী পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হয়। বিকেলে শহীদ মিনার চত্বরে গান, আবৃত্তি ও বক্তৃতার আয়োজনও করে মহিলা পরিষদ।

