ভ্যাক্সিন কার্যক্রমকে ঘিরে বাকৃবি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন

নিউজ ডেস্কঃ শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরাতে করোনাভাইরাসের ভ্যাক্সিন প্রদান কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। সোমবার (৫ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় থেকে শতাধিক শিক্ষার্থীকে বাসে করে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভ্যাক্সিন প্রদানের জন্য নিয়ে যাওয়া হয়।

তবে ভ্যাক্সিন কার্যক্রম শুরু হলেও বিভিন্ন ধরণের সমস্যার সম্মুখীন হচ্ছেন বেশকিছু শিক্ষার্থী। জানা যায়, অনেকে ভ্যাক্সিনের জন্য কেন্দ্র নির্বাচন করার সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ না দিয়ে অন্যান্য স্থানে দিয়েছেন। তাদের ভ্যাক্সিন কিভাবে পাবেন এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোন নির্দেশনা আসে নি।

অনেক শিক্ষার্থী এখনো এনআইডি কার্ড পান নি তারা কিভাবে ভ্যাক্সিন কার্যক্রমের আওতায় আসবেন সে বিষয়েও এখনো বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কিছু জানানো হয় নি। এছাড়া গুগল ফর্ম ছাড়াও অনেকে ম্যানুয়ালি হলে ভ্যাক্সিনেশনের জন্য ফর্ম পূরণ করেছিলেন তাদের অনেকে ভ্যাক্সিন কার্যক্রমের জন্য নির্বাচিত হন নি।

এছাড়া বাকৃবি থেকে দেয়া লিস্টে নাম থাকার পরেও সুরক্ষা অ্যাপ/ওয়েবসাইটে অনেকে রেজিস্টেশন করতে পারছেন না বলে অভিযোগ করেছেন।

যারা ক্যাম্পাসে থেকে প্রথম ডোজ নেবেন তারা কি বাড়িতে গিয়ে নিকটস্থ কেন্দ্রে দ্বিতীয় ডোজ দিতে পারবেন? অথবা নিজ এলাকায় প্রথম ডোজ নিয়ে দ্বিতীয় ডোজ কি ক্যাম্পাসে এসে নেওয়া যাবে কি না এ ধরণের অনেক প্রশ্ন শিক্ষার্থীদের।

এসব প্রশ্নের কোন সুনির্দিষ্ট উত্তর না আসায় শিক্ষার্থীরা এক ধরণের ধোঁয়াসার মধ্যে পড়েছেন। তারা দ্রুত এসব সমস্যার সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

  •  
  •  
  •  
  •  

Tags: