মুজিব অলিম্পিয়াডে তৃতীয় হলেন বাকৃবির মারজু আলম
রোহান ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ
মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক অনলাইন কুইজ প্রতিযোগিতা “মুজিব অলিম্পিয়াডে” অংশগ্রহণ করে তৃতীয় হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ মারজু আলম।
সোমবার (৫ জুলাই) সকালে ভার্চুয়াল অনুষ্ঠানে মুজিব অলিম্পিয়াডে সেরা ১০ জন বিজয়ীর নাম ঘোষণা করেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি জানান, বিজয়ীদের শারীরিক ভাবে উপস্থিত হতে পারার সুযোগ না থাকায় স্থানীয় জেলা প্রশাসকের মাধ্যমে তাদের কাছে পুরস্কার পৌঁছে দেয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের তথ্য ও উপাত্ত তুলে ধরার জন্য ডিজিটাল মিডিয়া এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী মাধ্যম। কারণ আমাদের শিশু-কিশোর তরুণরা তথ্য উপাত্ত পেতে এই মাধ্যম ব্যবহার করেন।
আর এই সুযোগ কাজে লাগিয়ে করোনাতেও আইসিটি বিভাগ কোটি কোটি মানুষের কাছে বঙ্গবন্ধু ও তার আদর্শকে পৌঁছে দিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব নিয়াজ মোহাম্মাদ জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইসিটি অধিদপ্তর মহাপরিচালক এ বি এম আরশাদ হোসেন। বক্তব্যে তিনি জানান, আগামী ১৩ জুলাইয়ের মধ্যে পুরস্কার হাতে পাবেন বিজয়ীরা।
মোঃ মারজু আলম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ থেকে অনার্স এবং উদ্যানতত্ত্ব বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন।
মুজিব অলিম্পিয়াডে তৃতীয় স্থান অর্জনের অনুভূতি কি? সবুজ বাংলাদেশ 24 ডট কমের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ছোটবেলা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি ভালোবাসা থেকেই তাঁর সম্পর্কে জানার আগ্রহ জাগে। বঙ্গবন্ধুর সম্পর্কে যতই পড়েছি তাঁর প্রতি ততই শ্রদ্ধাবোধ ও ভালোবাসা বেড়েছে। মুজিব বর্ষ উপলক্ষে মুজিব অলিম্পিয়াডে অংশগ্রহণ করে ভালো ফলাফল করাটা সত্যিই ভাগ্যের ব্যাপার। আমি মনে করি সকলেরই বঙ্গবন্ধুর সম্পর্কে, তাঁর আদর্শের সম্পর্কে, রাষ্ট্রচিন্তা সম্পর্কে ন্যুনতম জ্ঞান অর্জন করা জরুরি, তাহলেই আমরা সোনার বাংলাদেশ গড়তে পারবো।
মুজিব অলিম্পিয়াডে বিজয়ীরা হলেন:
১. মোঃ নাজীব আলম, ময়মনসিংহ ২. রাজলক্ষী মন্ডল, বরিশাল ৩. মোঃ মারজু আলম, ময়মনসিংহ ৪. আব্দুল্লাহির রাকিব আল হাসান, নেত্রকোণা ৫. সিফাত রাব্বি প্রিয়ম, ঢাকা ৬. মো: কামরুজ্জামান জারিফ, বগুড়া ৭. শেখ মাহের আনসারী মাহিম, ভোলা ৮. তালহা জুবায়ের, গাইবান্ধা ৯. মো: আতিকুল্লাহ, ময়মনসিংহ ১০. সাবিত ইবনে মোয়াজ, বরিশাল। প্রত্যেকে পাবেন ১ লক্ষ টাকা বা সমমূল্যের পুরস্কার।

