তানোরে ৯০ প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ
তানোর (রাজশাহী) সংবাদদাতা :
এসএসসি পরীক্ষার ফরম পূরনে আদায় করা অতিরিক্ত অর্থ নির্ধারিত সময়ে মধ্যে শিক্ষার্থীদের ফেরত না দেয়ায় তানোর উপজেলাধীন ৯০টি প্রতিষ্ঠান প্রধানকে শোকজ করেছে রাজশাহী শিক্ষা বোর্ড।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, অত্র বোর্ডের অধীনে ৮৯৬ টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এসএসসি পরীক্ষায় অতিরিক্ত অর্থ আদায় করার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। এর মধ্যে তানোর উপজেলার ৯০টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম ওই তালিকায় রয়েছে।
উপজেলার এসব প্রতিষ্ঠানকে বিগত এসএসসি পরীক্ষায় আদায় করা অতিরিক্ত অর্থ গত ১৫ ফেব্রুয়ারির মধ্যে অতিরিক্ত টাকা শিক্ষার্থীদের ফেরত দেওয়ার নির্দেশ দিলেও তারা এখন পর্যন্ত সে টাকা ফেরত দেননি। সম্প্রতি রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃক তানোরের ৯০টি প্রতিষ্ঠান এসএসসি’র ফরম পূরনে আদায় করা অতিরিক্ত অর্থ নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত টাকা ফেরত না দেয়ায় কারণ নোটিশ করা হয়।
সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে, নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পূর্বে তানোরের যেসব প্রতিষ্ঠান অতিরিক্ত আদায়কৃত অর্থ এখনও ফেরত দেননি তাদেরকে চূড়ান্ত কারণ দর্শানোর নোটিশ জারী করা হয়। পরে এসব নোটিশের জবাব শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে পাঠাতে হবে। উপজেলা মাধ্যমিক কার্যালয়ের সূত্র মতে, চলতি এসএসসি পরীক্ষায় ফরম পূরনে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি সরকারের একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে স্পষ্টভাবে ওঠে আসে।
সংস্থাটি সরেজমিন তদন্ত করে এ সংক্রান্ত একটি প্রতিবেদন শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে প্রেরণ করে। সে সময় গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বেশ কিছু প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, তাদের অভিভাবক ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গেও মতবিনিময় করে বিষয়টির সত্যতা সম্পের্কে নিশ্চিত হন।
কয়েকটি প্রতিষ্ঠান প্রধার্ন জানান, তারা বোর্ড নির্ধারিত হারেই ফরম পূরনের টাকা আদায় করেছেন। একটি টাকাও বেশি নেননি। তারপরও তার অতি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর জন্য ফরম পূরনে কিছু কমিশন দিয়েছেন যা স্কুল ফান্ড থেকে পূরন করা হয়েছে।
অথচ অধিকাংশ প্রতিষ্ঠান বোর্ড নির্ধারিত হারের দ্বিগুন অর্থ আদায় করে এখন বিষয়টি ধামাচাপা দিতে ওঠেপড়ে নেমেছে। তারা শিক্ষা অফিসকে ম্যানেজ করে তাদের প্রতিষ্ঠানের নামে ভালো রিপোর্ট দেওয়ার জোর চেষ্টা চালাচ্ছে।
এনিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম কারণ দর্শানোর নোটিশের বিষয়ে বলেন, আমাদের কাছে এখনো কোন নির্দশনা আসেনি। আসলে অতিরিক্ত অর্থ আদায়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ক্ষেত্রে তার অফিসকে ম্যানেজ করার বিষয়টি ভিত্তিহীন বলে দাবী করেন তিনি। তিনি আরো বলেন, বিষয়টি নিয়ে কাউকেও ছাড় দেওয়া হবে না। আগামীতে কেউ যেন অতিরিক্ত অর্থ আদায় করতে না পারে তারও ব্যবস্থা করা হবে বলে জানান।

