অবশেষে বাকৃবিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত
রোহান ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ
অবশেষে করোনার কারণে দীর্ঘদিন ধরে আটকে থাকা বিভিন্ন বর্ষের ক্লাস টেস্ট ও ফাইনাল পরীক্ষাসমূহ অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। বুধবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি সবুজ বাংলাদেশ 24 ডট কমকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের সদস্য এবং ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মকবুল হোসেন।
তিনি জানান, করোনা কারণে আটকে থাকা বিভিন্ন বর্ষের ক্লাস টেস্ট পরীক্ষাগুলো আগামী ২২ আগস্ট থেকে এবং ফাইনাল পরীক্ষাসমূহ আগামী মাসের অর্থাৎ সেপ্টেম্বরের ১৬ তারিখের পর থেকে অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে সেপ্টেম্বরে যদি সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা আসে তাহলে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ে সকল পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার সিলেবাস কমানোর কোন সিদ্ধান্ত হয়েছে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্লাস টেস্ট পরীক্ষার সিলেবাস কি হবে তা সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক নির্ধারণ করবেন। যদি শিক্ষক চান তাহলে সিলেবাস কমিয়ে নিতে পারেন। তবে সভায় এ বিষয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হয় নি।
ক্লাস টেস্টে অ্যাসাইনমেন্টের ভিত্তিতে মূল্যায়ন করার সম্ভাবনা রয়েছে কি না? এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটিও সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক নির্ধারণ করবেন। তিনি চাইলে গতানুগতিক পদ্ধতিতে মূল্যায়ন করতে পারেন অথবা অ্যাসাইনমেন্টের ভিত্তিতেও মূল্যায়ন করতে পারেন।
উল্লেখ্য এরআগে গত ২০ মে ২০২১ বিভিন্ন বর্ষের আটকে থাকা পরীক্ষা সমূহ অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে শিক্ষার্থীদের দাবির মুখে সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। তবে হঠাৎ দেশে করোনা পরিস্থিতির অবনতি এবং ময়মনসিংহে লকডাউন জারি হওয়ার কারণে পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয় বাকৃবি প্রশাসন। পরবর্তীতে আবারো শিক্ষার্থীদের দাবির মুখে অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন।

