বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনসহ নানা আয়োজনে বাকৃবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রোহান ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ

দেশের কৃষিশিক্ষা ও গবেষণার আঁতুড়ঘর খ্যাত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৬১ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। উচ্চতর কৃষিশিক্ষা ও গবেষণা প্রসারের লক্ষ্যে ১৯৬১ সালের ১৮ আগস্ট ময়মনসিংহ জেলার দক্ষিণে পুরনো ব্রহ্মপুত্র নদের অববাহিকায় ছায়া সুনিবিড় পরিবেশে ১২০০ একর এলাকাজুড়ে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

করোনাভাইরাস পরিস্থিতির কারণে এ বছর সীমিত পরিসরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৬১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাসে নানা কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির মধ্যে ছিল বিশ্ববিদ্যালয়ের সকল অফিস, আবাসিক হল ও আবাসিক ভবনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, উপাচার্যের বাণী প্রচার, ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ, বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন, হ্যালিপেড সংলগ্ন এলাকায় গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল।

এ দিন সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস, আবাসিক হল ও আবাসিক ভবনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০ ঘটিকায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করা হয়।

এরপর বাকৃবির টিএসসির সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন বাকৃবি উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান।

এ সময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি এই ক্যাম্পাসে এসে কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা প্রদান করেন। সেই থেকে আমরা শ্রদ্ধার সাথে বঙ্গবন্ধুকে স্মরণ করে বলি “বঙ্গবন্ধুর অবদান, কৃষিবিদ ক্লাস ওয়ান”।

তিনি আরও বলেন, স্বাধীনতার পরে বঙ্গবন্ধু যে কৃষি বিপ্লবের ডাক দিয়েছিলেন তার ডাকে সাড়া দিয়ে এ বিশ্ববিদ্যালয়ের সকল কৃষিবিদরা দেশের কৃষি উন্নয়নে অনন্য ভূমিকা পালন করেছেন। বঙ্গবন্ধুর দেখানো পথে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দুর্বার গতিতে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে চলেছেন। কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা দেওয়ার সেই স্মরণীয় মুহূর্তের এই মোড়ালের মাধ্যমে কৃষির উন্নয়নে বঙ্গবন্ধুর আপ্রাণ চেষ্টা চিরস্মরণীয় হয়ে থাকবে।

এরপর টিএসসি সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ এবং বিশ্ববিদ্যালয়ের হ্যালীপ্যাডে গাছের চারা বিতরণ করা হয়। প্রতিটি অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা, কর্মচারীরা স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  

Tags: