তনু হত্যার বিচার দাবিতে রাবিতে বিক্ষোভ

রাবি প্রতিনিধি:

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। সমাবেশ থেকে বক্তারা দোষীদের দ্রুত বিচার দাবি করেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডীনস ভবনের পেছনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে তারা টুকিটাকি চত্বরে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে ঘটতে থাকা যৌন নিপীড়ন, ধর্ষণ, হত্যার ঘটনায় বিচারহীনতার সংস্কৃতির চলছে। এসব দায় সরকারকেই নিতে হবে এবং অনতিবিলম্বে এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

এ সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্রমৈত্রী ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •