৩৪ ভিসি পদত্যাগ করুক, আমি দেখতে চাই: জাফর ইকবাল
নিউজ ডেস্ক:
বুধবার (২৬ জানুয়ারি) ভোর ৪ টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেছেন অধ্যাপক ড. জাফর ইকবাল ও তার স্ত্রী অধ্যাপক ড. ইয়াসমিন হক।
আন্দোলনকারীদের উদ্দেশ্যে অধ্যাপক ড. জাফর ইকবাল বলেন, ” আমাদের এরকম ভাইস-চ্যান্সেলররা আছেন যাদের আদর্শ এত বেশি যে উনারা অন্যর সহমর্মিতায় নিজেরা পদত্যাগ করবেন। বাংলাদেশ ৩৪টা ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর বলেছেন যে, এই ইউনিভার্সিটির ভিসি যদি পদত্যাগ করেন তাহলে তারা সবাই পদত্যাগ করবেন। এটা দেখার খুবই শখ আমার। কিন্তু আমার মনে হয়না আমার এ আশা সহজে মিটবে।”
এ সময় শাবি শিক্ষার্থীদের আন্দোলন পুরো দেশে আলোড়ন তুলেছে উল্লেখ করে জাফর ইকবাল বলেন, “তোমরা আসলে কি করেছো, তা বলে বোঝাতে পারবো না। তোমরা ইতিহাস গড়েছো। তোমাদের মাধ্যমে যে বার্তা গিয়েছে, তাতে ভবিষ্যতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের আগে একবার অন্তত ভাবা হবে। এখন কাউকে কোথাও ভিসি পদে বসানো হলে তার যোগ্যতা নিয়ে সবাই চুলচেড়া বিশ্লেষণ করবে। তোমাদের সঙ্গে দেশের সব তরুণ আছে।”
তিনি শিক্ষার্থীদের অনশন ভাঙতে বললে তারা বলেন, সবাই মিলে একসঙ্গে অনশন ভাঙবেন। সে অনুযায়ী সকাল ৮টায় তারা অনশন ভাঙবেন। তবে শিক্ষার্থীরা একদিনও ভিসি ফরিদ উদ্দিনকে দেখতে চান না বলে দাবি তোলেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিরুদ্ধে হওয়া মামলা এবং আন্দোলনরত শিক্ষার্থীদের মানবিক সহায়তা দিয়ে আটক সাবেক পাঁচ শিক্ষার্থীর মুক্তি চান তারা।
এর জবাবে অধ্যাপক জাফর ইকবাল ও ইয়াসমিন হক বলেন, “আমাদের উপর মহল থেকে আশ্বাস দেওয়া হয়েছে এসব মামলা তুলে নেওয়া হবে। পাশাপাশি শাবির সাবেক পাঁচ শিক্ষার্থীকেও আজ জামিন দেওয়া হবে।”

