হাবিপ্রবিতে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০১৬ এর আঞ্চলিক পর্ব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ ভবন সম্মুখে বেলুন উড়িয়ে উক্ত প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন।

কুইজ কন্টেস্ট ও প্রোগ্রামিং কন্টেস্ট নামে দুই পর্বে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হল খেলার মাঠ প্রাঙ্গণে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. বলরাম রায়, রবি’র এরিয়া ম্যানেজার রাজু আহমেদ, হাবিপ্রবি’র ছাত্রলীগ নেতা মো. আসাদুজ্জামান জেমী, নাহিদ আহমেদ নয়ন প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. রুহুল আমিন বলেন, আমরা গর্বিত জাতি। স্বাধীনতার পর দেশ খাদ্য, বস্ত্রসহ বিভিন্ন সেক্টরে স্বয়ংসম্পুর্ণতা অর্জন করেছে। দেশের প্রভূত উন্নতি হয়েছে। তবুও আমরা উন্নয়নে আমাদের কাংখিত লক্ষ্যে পৌছতে পারেনি; শুধুমাত্র প্রযুক্তিতে পিছিয়ে থাকার কারনে। দেশকে উন্নয়নের কাংখিত লক্ষ্যে পৌছাতে হলে প্রযুক্তিতে দক্ষ হতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০২১ ও ২০৪১ সালের ভিষন বাস্তবায়িত করতে হলে নতুন প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

প্রতিযোগিতায় দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ১ হাজার ৩১০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে।

  •  
  •  
  •  
  •  

Tags: