গণরুমের যন্ত্রনা থেকে মুক্তি পেল বাকৃবির ছাত্রীরা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ছাত্রীদের আবাসন সঙ্কট নিরসনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নবনির্মিত ৫ তলা বিশিষ্ট ছাত্রী হলের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮ টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ছাত্রী হলের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর। হলের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান ও প্রক্টর প্রফেসর ড.এ.কে.এম জাকির হাসেন, ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী প্রমুখ।

ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে নির্মাণাধীন ওই হলের ৪র্থ তলা পর্যন্ত ছাত্রীদের আবাসন ব্যবস্থার জন্য উন্মুক্ত করে হয়েছে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। আসন বন্টনের বিষয়ে প্রশাসন জানায়, প্রথম দিকে বিভিন্ন হলের গণরুম থেকে ভর্তির মেধাক্রম অনুযায়ী ৩৯০ জন ছাত্রী হলে উঠানো হবে। হলের নির্মাণ কাজ সম্পন্ন হলে বাকিদের উঠানো হবে।

পুরো কাজ সম্পন্ন আরও কিছু সময় লাগবে জানিয়ে নির্বাহী প্রকৌশলী মুহঃ এনামুল হক বলেন, ৬০০ আসন বিশিষ্ট ৫ তলা ভবনের ১ম থেকে ৪র্থ তলা সম্পন্ন হয়েছে। হলের আরেকটি কমপ্লেক্স এখনও অসম্পন্ন। হলের কাজ শেষ হয়ে গেলে পুরোপুরিভাবে নতুন হল হিসেবে থাকবে নবনির্মিত ভবনটি। তবে শুক্রবার থেকেই হলে ছাত্রী উঠানো শুরু হয়েছে।

এদিকে এখন পর্যন্ত নবনির্মিত ওই ভবনের নাম ঠিক করা হয়নি। তবে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় হলের নাম নির্ধারণ করা হবে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

তবে নামহীন নতুন হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের প্রফেসর ড. ফরিদা ইয়াসমিন বারি।

এদিকে নতুন হলের কারণে আবাসন সংকট নিরসন হবে এমনটাই প্রত্যাশা ছাত্রীদের। নতুন হল হওয়ার কারণে হলে অনেক কিছুর অভাবের সম্মুখীন হতে পারে ধারণা করে তারা বলেন, নতুন হলে সিট পাওয়া ছাত্রীরা যাতে অন্যান্য হলের ছাত্রীদের মত সুযোগ সুবিধা পায় সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করে।

  •  
  •  
  •  
  •  

Tags: