রাবিতে নতুন ওয়েব পোর্টাল চালুর উদ্যোগ
আসাদুজ্জামান রিফাত, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
নতুন ওয়েব পোর্টাল চালুর উদ্যোগ গ্রহণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই পোর্টালে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সাধারণ তথ্যাদি ছাড়াও বিভিন্ন সেবা ও শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী সংশ্লিষ্ট বিষয়ে তথ্য থাকবে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বহুমুখী ব্যবহারযোগ্য এই পোর্টালের মাধ্যমে ঘরে বসেই সহজে বিভিন্ন আবেদনপত্র পূরণ, ফিস জমা দেয়া, ভর্তি ও পরীক্ষার আনুষঙ্গিক কাজ সম্পন্ন করতে পারবে। এছাড়াও এতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, বেতন-ভাতাদিসহ চাকুরী সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য সংরক্ষণের ব্যবস্থা থাকবে।
এদিকে শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে নতুন এই ওয়েব পোর্টাল ও ডিজিটাল সার্ভিস বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান ও কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. খাদেমুল ইসলাম মোল্যার সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক এফ এম মাহবুবর রহমান, অগ্রণী ব্যাংক লি. এর রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক এস এম নূরুল আহসান প্রমুখ। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিস প্রধান এবং তথ্য প্রযুক্তি ও ডিজিটাল সার্ভিস সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

