বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৮ম সমাবর্তন আগামীকাল
বাকৃবি প্রতিনিধিঃ
আগামীকাল ১২ ফেব্রুয়ারি (রবিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৮ম সমাবর্তন। সমাবর্তনকে ঘিরে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সমাবর্তনে অংশগ্রহণে আগ্রহী গ্রাজুয়েটগনের অনেকেই ইতিমধ্যে তাদের প্রাণপ্রিয় ক্যাম্পাসে অবস্থান করছে। কনভোকী এসব গ্রাজুয়েটদের মিলনমেলায় বাকৃবি ক্যাম্পাস মুখরিত হয়ে উঠেছে। গাউন, টুপি ও ব্যাচ পরে গ্রুপে গ্রুপে বাকৃবির বিভিন্ন জায়গায় ফটোসেশন করতে দেখা গেছে তাদের। কেউবা পরিবার নিয়ে, কেউবা বন্ধু বান্ধবীদের নিয়ে সমাবর্তনের স্মৃতিকে ধরে রাখতে ফটোসেশনে ব্যস্ত সময় পার করছেন।
সবুজবাংলাদেশ24.কমের সাথে কথা বলে অনেকেই তাদের অনুভুতি ব্যক্ত করেছেন। কেউ বলছেন, এ সমাবর্তন আমাদের বন্ধু ও হলমেটদের একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছে। আমরা অনেকেই পরিবার নিয়ে এসেছি, যদিও একটু সমস্যা হচ্ছে তথাপিও আনন্দ অনুভবে এই কষ্ট ভুলে গেছি। কেউ বলেন, এই দিনটিকে স্মরণীয় করে রাখতে আমরা অনেক মজা করছি এবং ছবি তুলে স্থায়ী করে রাখছি।
কস্টি্উমের প্যাকেটে স্মরণিকা না থাকায় এবং কোন উপহার না পাওয়ায় অনেকে আক্ষেপ প্রকাশ করেন। এদিকে সমাবর্তনের দিন বিশ্ববিদ্যালয়ের অভ্যান্তরিন সকল খাবার হোটেল ও মুদির দোকান সকাল ৭ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বন্ধ থাকলে পরিবার ও গেষ্টদের ভোগান্তিতে পড়তে হবে বলেও আশংকা করছেন অনেকেই।
জানা গেছে, ৮ম সমাবর্তনের জন্যে মোট ৬৫২২ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। যার মধ্যে ৫৬ জন পিএইচ.ডি., ১৫১৯ জন স্নাতকোত্তর এবং ৪৯৪৭ জন স্নাতক শিক্ষার্থী। এবার গোল্ড মেডেল বা স্বর্ণপদকের জন্যে মনোনীত হয়েছেন মোট ২২৪ জন।
সমাবর্তনের দিন দুপুর ১.৩০ থেকে ২.৩০ পর্যন্ত কুপনে উল্লেখিত স্থানে আপ্যায়নের প্যাকেট বিতরণ করা হবে বলে ও জানা গেছে। সমাবর্তন শেষে ঐদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা এবং পরদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মূল সনদ প্রদান করা হবে। পিএইচডি কনভোকীদের সনদ কো-অর্ডিনেটর অফিস এবং অনার্স ও মাস্টার্স কনভোকীদের সনদ স্ব-স্ব অনুষদের নির্ধারিত বুথে প্রদান করা হবে।
সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ অংশগ্রহণ করতে পারবেন না। তবে অনুশাসন অনুযায়ী সমাবর্তনে সভাপতিত্ব করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক । অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসাবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ।
৮ম এই সমাবর্তনে জুলাই-ডিসেম্বর ২০১৪ থেকে জুলাই-ডিসেম্বর ২০২১ পর্যন্ত স্নাতক, জুলাই-ডিসেম্বর ২০১৪ থেকে এপ্রিল-সেপ্টম্বর ২০২২ পর্যন্ত স্নাতকোত্তর এবং ২০১৬ থেকে অদ্যবধি পিএইচডিসহ মোট ১৩ হাজার ৩শত ৮৯ জন শিক্ষার্থী এ আওতাভূক্ত ছিল।

