বাকৃবি ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু স্থগিত
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন কর্মসূচি ও ক্লাস শুরু অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই তথ্য প্রদান করা হয়েছে। এতে বলা হয়েছে, “বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন বাস্তবায়ন কমিটির সিদ্ধান্ত মতে আগামী ২৩ ফেব্রুয়ারি ২০২৩ নির্ধারিত ওরিয়েন্টেশন কর্মসূচি ও ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ক্লাস শুরু অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে৷ পরবর্তীতে ওরিয়েন্টেশন ও ক্লাস শুরুর তারিখ যথাসময়ে জানানো হবে৷”
তবে ঐদিন পূর্বঘোষিত এক নোটিশে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছিল। এখন তা যথারীতি চালু থাকবে কি না এ নিয়ে কোন সিদ্ধান্ত জানানো হয়নি। ফলে শিক্ষক ও শিক্ষার্থীরা অনিশ্চতার মধ্যে রয়েছেন।
এদিকে দুদিন আগে হঠাৎ স্থগিতের এই ঘোষণায় অনেক শিক্ষার্থী (প্রথম বর্ষের) বিপদে পড়েছেন। বিশ্ববিদ্যালয়ে এই সিদ্ধান্তে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। দুর-দুরান্তর থেকে অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে তাদের যাত্রা শুরু করার রঙ্গিন স্বপ্ন নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছেন, কেউবা গাড়িতে উঠেছেন। কেউবা অগ্রীম টিকিট কিনে রেখেছেন। আবার কেউ কেউ লেপ-তোষক নিয়ে ইতোমধ্যে ক্যাম্পাসে পৌঁছেছেন। এমন পরিস্থিতিতে ওরিয়েন্টেশন ও ক্লাস বন্ধের নোটিশ তাদের দুশ্চিন্তা ও সমস্যায় ফেলেছে।
এক শিক্ষার্থী বলেন, “এমনিতে অনেকটাই দেরী তারপর আবার অনির্দিষ্টসময়ের জন্য ওরিয়েন্টেশন কর্মসূচি ও ক্লাস শুরু স্থগিত করার এসব সিদ্ধান্ত নতুন শিক্ষার্থীদের মনে তাদের পছন্দের বিশ্ববিদ্যালয় সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টি করবে ও মনোবল ভেঙ্গে দিবে।
নতুন এই শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার জন্য প্রস্তুতি অনেকেটাই সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। কেন্দ্রিয় ও অনুষদভিত্তিক ছাপা ও বিতরণ করা হয়েছে আমন্ত্রনপত্র।
উল্লেখ্য যে, এদিকে সিট সংকটের কারণে বিভিন্ন হলের শিক্ষার্থীরা আন্দোলন করছে।

