বাকৃবিতে বিএসভিইআর’র ২৯তম বৈজ্ঞানিক সম্মেলন শুরু
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে প্রাণী স্বাস্থ্যের টেকসই উন্নতি এবং উৎপাদন’ শীর্ষক বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চের (বিএসভিইআর) দুইদিন ব্যাপী ২৯তম বৈজ্ঞানিক সম্মেলন শুরু হয়েছে। শনিবার বেলা ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।
বিএসভিইআর’র সভাপতি অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য ড. লুৎফুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আব্দুল আউয়াল, ডিএলএস এর রিসার্চ এন্ড ট্রেনিং এর পরিচালক ডাঃ অমলেন্দু ঘোষ, কেজিএফ এর লাইভস্টক শাখার পরিচালক ড. নাথু রাম সরকার, দ্যা একমি ল্যাবরেটরিজ লিমিটেড এর আফতাব আলী।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন আয়োজক কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মকবুল হোসেন। এনুয়াল লেকচার প্রদান করেন, ভেটেরিনারি অনুষদের প্যাথলজি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর ড. মোঃ ইকবাল হোসেন। পরবর্তীতে “চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে প্রাণী স্বাস্থ্যের টেকসই উন্নতি এবং উৎপাদন ” সম্পর্কিত মূল বক্তব্য প্রদান করেন অধ্যাপক ড. মোশাররফ উদ্দিন ভূইয়া।
বৈজ্ঞানিক সম্মেলনে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানে কর্মরত চার শতাধিক ভেটেরিনারিয়ান অংশগ্রহণ করেন।
প্রথম দিনে প্রতিপাদ্য বিষয়ের উপর একটি সিম্পোজিয়াম, সায়েন্টিফিক সেশন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

