সাত কলেজে ভর্তি আবেদন শুরু, চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
নিউজ ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজে স্নাতক প্রথম বর্ষে ভর্তির পরীক্ষার আবেদন শুরু হয়েছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইনে এই কার্যক্রম চলবে। এ বছর আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা।
জানা গেছে, এবছর স্নাতক প্রথম বর্ষে (২০২২-২০২৩ শিক্ষাবর্ষ) ভর্তির ক্ষেত্রে কোনো আসন বাড়ানো হচ্ছে না। গত বছরের আসন সংখ্যার ভিত্তিতেই এবারের ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। গত বছরের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজে স্নাতকে মোট আসন সংখ্যা ২১ হাজর ৫১৩টি। এর মধ্যে বিজ্ঞান ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ৬ হাজার ৫০০টি, বাণিজ্যে ৫ হাজার ৩১০টি এবং কলা ও সমাজবিজ্ঞানে ৯ হাজার ৭০৩টি আসন রয়েছে।
সাত কলেজের স্নাতকের ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইটে প্রদত্ত সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি নির্দেশিকায় থাকবে।
আগামী ১৬ জুন (শুক্রবার ) সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১৭ জুন ( শনিবার) বিজ্ঞান ইউনিট এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৪ জুন ( শনিবার) অনুষ্ঠিত হবে। এই তিন ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাতটি কলেজ যথাক্রমে- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।

