হাবিপ্রবিতে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ বরণ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২৩ পালিত হয়েছে।

পুরাতন, জরা আর জীর্ণকে বিদায় জানিয়ে শুভ, সুন্দর ও মঙ্গলকে বরণ করার আকাঙ্খা ও সম্ভাবনায় হাবিপ্রবি’র ছাত্র-ছাত্রীরা মেতে উঠে আনন্দ উদযাপনে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সাজানো হয় নতুন রূপে। সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন-এর নেতৃত্বে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

এসময় ঢাক-ঢোল, বাঁশি আর একতারার সুরে নেচে-গেয়ে তারুণ্যের উচ্ছ্বাস প্রকাশ করে ছাত্র-ছাত্রীরা। শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. মো. আনিস খান, আইআরটি’র পরিচালক প্রফেসর মো. মিজানুর রহমান, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক প্রফেসর ডা. এসএম হারুন-উর-রশীদ, প্রফেসর ডা. মো. ফজলুল হকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

শোভাযাত্রা শেষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন নববর্ষ উপলক্ষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এছাড়া বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ হাবিপ্রবি শাখা, সাংস্কৃতিক সংগঠন অর্ক, রোটার‌্যাক্ট ক্লাবসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও অন্যান্য সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানাবিধ কর্মসূচি পালন করে। নববর্ষ উপলক্ষে ক্যাম্পাসে মোট ২০ টি স্টল বসে।

  •  
  •  
  •  
  •  

Tags: