গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ

নিউজ ডেস্ক:

গুচ্ছভুক্ত দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক ২০২২-২৩ বর্ষে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে আজ মঙ্গলবার। এদিন দুপুর ১২টা থেকে আগামী ৩০ এপ্রিল রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

সোমবার (১৭ এপ্রিল) সমন্বিত ভর্তি পরীক্ষার সদস্য-সচিব ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান এসব তথ্য জানান।

আবেদন শেষে আগামী ২০ মে ‘বি’ ইউনিট, ২৭ মে ‘এ’ ইউনিট ও ৩ জুন ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবছরও ওয়েবসাইটে প্রদত্ত পরীক্ষা কেন্দ্রের তালিকা থেকে শিক্ষার্থীরা একটি কেন্দ্র পছন্দ করতে পারবেন।

আবেদনের যোগ্যতা হিসেবে ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৮, ২০১৯ ও ২০২০ সালের এসএসসি বা সমমান এবং ২০২১ ও ২০২২ সালের এইচএসসি বা সমমান, ডিপ্লোমা ইন কমার্স, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল), এ লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় (সমমান নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদনক্রমে) উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখা থেকে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে যথাক্রমে ইউনিট ‘এ’, ইউনিট ‘বি’ ও ইউনিট’ ‘সি’ তে আবেদন করবেন।

  •  
  •  
  •  
  •