জাবিতে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু

নিউজ ডেস্ক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ১ম বর্ষে ভর্তির অনলাইন আবেদন শুরু আজ (৯ মে) সকাল ১০টায়। চলবে আগামী ৩১ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

সোমবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোঃ আবু হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে উপাচার্য অধ্যাপক ড.মোঃ নূরুল আলম আনুষ্ঠানিকভাবে এই অনলাইন ভর্তি কার্যক্রমের উদ্বোধন করবেন। অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে আগামী ৩১ মে রাত ১২টা পর্যন্ত।

তিনি আরো জানান, মোট ছয়টি ইউনিটে এ বছরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের অধীনে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি), ‘বি’ ইউনিটে সমাজবিজ্ঞান অনুষদ এবং আইন অনুষদ, ‘সি’ ইউনিটে কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট, ‘সি১’ ইউনিটে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ, ‘ডি’ ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদ এবং ‘ই’ ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) আবেদনের ক্ষেত্রে পৃথকভাবে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী অনলাইনে আবেদন করতে হবে।

এ বছর ‘এ’, ‘বি’ এবং ‘সি’ ইউনিটের প্রতিটির জন্য ৯০০ টাকা এবং ‘সি১’, ‘ডি’, ‘ই’ ইউনিট এবং আইবিএ প্রতিটির জন্য ৬০০ টাকা করে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ভর্তিসংক্রান্ত ইউনিটভিত্তিক যোগ্যতা, নম্বর বণ্টন এবং ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে (juniv-admission.org) পাওয়া যাবে।

  •  
  •  
  •  
  •