নিয়োগ বিধিমালায় ডিভিএম ডিগ্রি অন্তর্ভুক্ত না করায় বাকৃবিতে ভেটেরিনারি অনুষদের শিক্ষকবৃন্দের সংবাদ সম্মেলন
বাকৃবি প্রতিনিধি:
প্রাণিসম্পদ অধিদপ্তরের সবশেষ নিয়োগ বিধিমালায় সকল পদে ডক্টর অব ভেটেরিনারি সাইন্স (ডিভিএম) ডিগ্রিকে অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভেটেরিনারি অনুষদের শিক্ষকগণ এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। ৬ জুন (মঙ্গলবার) ১ টার সময় ভেটেরিনারি অনুষদের মেডিসিন কনফারেন্স হলে ভেটেরিনারি অনুষদের শিক্ষকগণ এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
গত ৩০ মে জারি করা এই প্রজ্ঞাপনে সম্প্রসারণ কর্মকর্তা, পোল্ট্রি ডেভেলপমেন্ট অফিসার, এনিম্যাল প্রোডাকশন কর্মকর্তা, পশুপালন কর্মকর্তা, জ্যু অফিসার পদগুলোতে ভেটেরিনারি সাইন্স এন্ড এনিম্যাল হাজবেন্ড্রি ডিগ্রিধারীদের আবেদনের সুযোগ থাকলেও ডিভিএম (ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন) ডিগ্রির কথা উল্লেখ নেই। অথচ বাংলাদেশের ১৪টি বিশ্ববিদ্যালয় হতে ভেটেরিনারি বিষয়ে ডিগ্রি প্রদান করা হয়। যার মধ্যে ভেটেরিনারী শিক্ষার সূতিকাগার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ দেশের ৭টি বিশ্ববিদ্যালয় হতে ডিভিএম ডিগ্রি প্রদান করা হয়।
দেশের এই ৭ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। ডিগ্রির নামে ভিন্নতা থাকলেও ডিভিএম ডিগ্রিপ্রাপ্ত গ্রাজুয়েটগণ ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড এনিম্যাল হাসবেন্ড্রি ডিগ্রিধারীদের মতোই ভেটেরিনারি সায়েন্সের কোর্সের সাথে ৩০% প্রোডাকশন কোর্স সম্পন্ন করে।
সংবাদ সম্মেলনে জানানো হয় প্রজ্ঞাপনটির বিষয়ে গতকাল বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদীয় এক জরুরি সভার আয়োজন করা হয়। উক্ত সভায় অনুষদের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। জানা যায় সভায় উপস্থিত সকল শিক্ষক প্রজ্ঞাপনটিতে উল্লেখিত পদগুলোতে ডিভিএম ডিগ্রিধারীদের বাদ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে এটি সংশোধনের দাবি উত্থাপন করেন। পেশার স্বার্থে আন্দোলনের সাথে শিক্ষকবৃন্দ একাত্মতা জানায় উক্ত সভায়।
আরও জানানো হয়, সমস্যাটির সমাধানের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের (ডিএলএস / মন্ত্রণালয়/ ইউজিসি/ বিশ্ববিদ্যালয়) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মতবিনিময়ের লক্ষ্যে ডেলিগেশনের ব্যবস্থা গ্রহণ করা হবে। ডিভিএম ডিগ্রি প্রদানকারী সকল অনুষদ / প্রতিষ্ঠান এর ডিন এর সমন্বয়ে গঠিত “ন্যাশনাল ভেটেরিনারি ডিন কাউন্সিল (এনভিডিসি)- এর সভায় আলোচনা করে উক্ত প্রজ্ঞাপনটি সংশোধনপূর্বক ডিভিএম গ্র্যাজুয়েটদের আবেদনের সুযোগ করে দেওয়ার জন্য জোর প্রচেষ্টা চালানো হবে বলে আশ্বাস দেয়া হয়। তার সাথে বিষয়টির স্থায়ী সমাধানের জন্য দেশে প্রাণিসম্পদ উন্নয়নের চাহিদার ভিত্তিতে ও পেশাগত বৈষম্য দূরীকরণার্থে সরকারের গৃহীত পূর্বসিদ্ধান্ত অনুযায়ী সারা দেশে একক ডিগ্রী অর্থাৎ B.Sc. Vet Sc. & AH অতিসত্ত্বর চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার হবে বলে জানানো হয়।

